গাজীপুরের টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগস ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সকাল ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট। পরে এখন পর্যন্ত মোট ১৬টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রনের কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সাইদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।


