দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। একই সাথে তার চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বিধি অনুযায়ী, চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা এবং বকেয়া বেতন-ভাতাসহ সব সুযোগ-সুবিধা পাবেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। এর আগে ২০২১ সালের ১৬ জুন পটুয়াখালীতে বদলির আগপর্যন্ত তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রামে কর্মরত থাকাকালে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়মের তদন্ত করে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছিলেন শরীফ। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পাওয়ার অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন তিনি।
তার চাকরিচ্যুতির ঘটনায় সে সময় ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছিল।
চাকরিচ্যুতির আদেশ চ্যালেঞ্জ করে ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট করেন শরীফ উদ্দিন। তার অভিযোগ ছিল, কোনো কারণ দর্শানোর সুযোগ না দিয়েই দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর ৫৪(২) বিধি প্রয়োগ করে তাকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
ওই বিধির বৈধতা এবং চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে দুদকের আরেক কর্মকর্তা মো. আহসান আলীর চাকরিচ্যুতির বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সংস্থাটির আপিলের বিষয়টি উঠে আসে।
এর পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ২৫ মে হাইকোর্ট দুদকের ওই আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শরীফের রিটের শুনানি মুলতবি করেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে ১৬ জুন আপিল বিভাগে লিভ টু আপিল করেন শরীফ।
২০২৩ সালের ১৬ মার্চ আপিল বিভাগ দুদকের আপিল মঞ্জুর করে ৫৪(২) বিধি বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সাথে শরীফের লিভ টু আপিল প্রয়োজনের অতিরিক্ত বলে উল্লেখ করা হয়।
২০২৩ সালের ২১ ডিসেম্বর প্রকাশিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ৫৪(২) বিধি প্রয়োগের ক্ষেত্রে দুদককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এ বিধি ব্যবহারের ক্ষেত্রে সংস্থাটিকে ১২ দফা নির্দেশনা ও পর্যবেক্ষণ অনুসরণের কথাও বলা হয়।
আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর শরীফ উদ্দিনের রিটটি হাইকোর্টে শুনানির জন্য ওঠে। প্রাথমিক শুনানি শেষে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি আদালত রুল জারি করেন।
চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রায় দেন। রায়ে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করার আদেশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ও শুরু থেকেই বাতিল ঘোষণা করা হয়।
একই সাথে তাকে জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন আদালত। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিল।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে গত বছর আপিলের অনুমতি চেয়ে (লিভ টু আপিল) আবেদন করেছিল দুদক। তবে পরবর্তী সময়ে সংস্থাটি আবেদনটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।
এ বিষয়ে ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত আদেশ দেন। আদেশে বলা হয়, দুদকের পক্ষে উপস্থিত আইনজীবী আদালতকে জানিয়েছেন, দেওয়ানি লিভ টু আপিলটি আর পরিচালনা না করার নির্দেশনা পেয়েছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে আবেদনটি আর এগিয়ে না নেওয়ার কারণে খারিজ করা হয়।
এর ফলে শরীফ উদ্দিনকে জ্যেষ্ঠতা ও বকেয়া সুযোগ-সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকেনি। মঙ্গলবার দুদকের প্রজ্ঞাপনের মাধ্যমে তার পুনর্বহালের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।


