...|...|...

লাইফস্টাইল

জ্বর হলে গোসল করা উচিত কি না, জেনে নিন করণীয়

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, রাত ৯:০৫
Shares
জ্বর হলে গোসল করা উচিত কি না, জেনে নিন করণীয়

ছবি: সংগৃহীত

আবহাওয়া পরিবর্তনসহ নানা কারণে জ্বর, সর্দি-কাশির মতো অসুস্থতা দেখা দিতে পারে। জ্বর হলে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি দুর্বলতা, মাথাব্যথা ও অস্বস্তি অনুভূত হয়। এ সময় সুস্থ হতে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার ও প্রয়োজনীয় তরল গ্রহণ করা জরুরি। তবে অসুস্থ অবস্থায় দৈনন্দিন কিছু অভ্যাসের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে জ্বরের সময় গোসল করা নিয়ে অনেকের মধ্যে দ্বিধা রয়েছে।রাফিয়া আলম ক্লিনিক্যাল স্টাফ, নিউরো আইসিইউ, স্কয়ার হাসপাতাল লিমিটেড-এর পরামর্শ অনুযায়ী নিচে আলোচনা করা হয়েছে।

জ্বর হলে গোসল করা যাবে কি?

জ্বরের সময় গোসল করা যাবে না, এমন ধারণা প্রচলিত থাকলেও এটি পুরোপুরি সঠিক নয়। বরং শরীরের অবস্থা ভালো থাকলে গোসল করা যায়। তবে এ ক্ষেত্রে পানির তাপমাত্রার দিকে খেয়াল রাখা জরুরি।

অনেকে জ্বর কমানোর জন্য ঠান্ডা বা বরফমেশানো পানি দিয়ে গোসল করেন। কিন্তু অতিরিক্ত ঠান্ডা পানির সংস্পর্শে এলে শরীরে কাঁপুনি শুরু হতে পারে। এতে অস্বস্তি বেড়ে যায়। তাই জ্বরের সময় বরফঠান্ডা পানি দিয়ে গোসল করা থেকে বিরত থাকা উচিত।

এর পরিবর্তে স্বাভাবিক তাপমাত্রার পানি অথবা হালকা কুসুম গরম পানি ব্যবহার করা যেতে পারে। গোসল করতে অস্বস্তি হলে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর মুছে নিলেও স্বস্তি পাওয়া যায়। তবে গোসলের পর শরীর ভালোভাবে মুছে শুকনো কাপড় পরতে হবে। অতিরিক্ত গরম পানিও ব্যবহার করা উচিত নয়।

জ্বর থেকে দ্রুত সুস্থ হতে যা করবেন

জ্বর হলে শরীরকে সুস্থ হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এ জন্য কয়েকটি বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন।

  • শরীরে পানির ঘাটতি হতে দেবেন না।
  • পুষ্টিকর ও সহজে হজম হয় এমন খাবার খান।
  • ঘর পরিষ্কার ও আরামদায়ক রাখুন।
  • অতিরিক্ত শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

সাধারণ জ্বর অনেক ক্ষেত্রে কয়েক দিনের মধ্যে কমে যায়। তবে জ্বর দীর্ঘস্থায়ী হলে বা শারীরিক অবস্থার অবনতি ঘটলে অবহেলা করা উচিত নয়। বিশেষ করে শ্বাসকষ্ট, অস্বাভাবিক রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা, বারবার বমি কিংবা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

জ্বরের সময় নিজের শরীরের অবস্থার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, সঠিক খাবার ও প্রয়োজনীয় যত্নের পাশাপাশি উপসর্গের অবনতি হলে দ্রুত চিকিৎসা নেওয়াই সুস্থ থাকার অন্যতম উপায়।