কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা ‘জেমিনি’তে এক যুগান্তকারী ফিচার যুক্ত করতে যাচ্ছে গুগল। এবার শুধু ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়াই নয়, বরং প্রতিষ্ঠানের সহকর্মীর মতো স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন জটিল কাজ শেষ করবে এই এআই প্রযুক্তি।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এআই অ্যাসিস্ট্যান্ট তৈরির প্রতিযোগিতার মধ্যে এই ঘোষণা দিল গুগল।
সম্প্রতি এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করে গুগল জানিয়েছে, নতুন এই সেবার নাম দেওয়া হয়েছে ‘ইউনিভার্সাল এজেন্ট’। এটি একাধারে কোড তৈরি ও তা পরিচালনা করা, ছবি বা প্রয়োজনীয় ভিজ্যুয়াল কনটেন্ট বানানো এবং গুগল ডকস, জিমেইল, ড্রাইভ কিংবা শিটসের কাজ অনায়াসে করতে পারবে।
এ ছাড়া স্ল্যাক ও মাইক্রোসফট ৩৬৫-এর মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপের সাথেও যুক্ত হয়ে কাজ করার সক্ষমতা থাকবে এই চ্যাটবটের।
‘জেমিনি অব ওয়ার্ক ২০২৬’ অনুষ্ঠানে নতুন এই সুবিধার আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়ান।
এক ব্লগপোস্টে থমাস কুরিয়ান জানান, জেমিনি এখন থেকে কেবল একজন ব্যক্তিগত সহকারী হিসেবেই নয়, বরং কোনো প্রতিষ্ঠানের টিম মেম্বার, প্রজেক্ট ম্যানেজার কিংবা ফিন্যান্স ডিপার্টমেন্টের অ্যানালিস্টের ভূমিকাও পালন করতে পারবে। কর্মীরা যেকোনো কাজের নির্দেশ দিলে এটি নিজের মতো করে কাজ গুছিয়ে চূড়ান্ত ফলাফল সামনে আনবে।
এমনকি জটিল ও বড় কাজ সম্পন্ন করতে নিজের প্রয়োজন অনুযায়ী ছোট ছোট ‘সাব-এজেন্ট’ বা উপ-এজেন্ট তৈরি করার ক্ষমতাও থাকবে নতুন এই ইউনিভার্সাল এজেন্টের।
উল্লেখ্য, করপোরেট ও ব্যক্তিগত ব্যবহারের লক্ষ্যে বর্তমানে এআই এজেন্টের বাজারে তীব্র প্রতিযোগিতা চলছে। গত সেপ্টেম্বরে মেটা তাদের এআই সহকারী ‘মিউজ’ বাজারে আনে, যা ইতোমধ্যে লাখ লাখ ব্যবহারকারী ডাউনলোড করেছেন। এর পরপরই গত মাসের শেষ দিকে ওপেনএআই উন্মোচন করে নতুন সেবা ‘ডটস’। এবার সেই তালিকায় যুক্ত হয়ে নতুন চমক দেখাল গুগল জেমিনি।

