জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে এবং বিরোধী দলগুলোকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রবিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
শফিকুর রহমান বলেন, বিএনপি রাতারাতি তাদের অতীতের অবস্থান ভুলে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে জাতির সাথে প্রতারণা করে দলটি বিরোধী দলগুলোকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
সরকারি দলের সংসদ সদস্যদের বিশেষ বরাদ্দ দেওয়ার বিষয়েও অভিযোগ তোলেন জামায়াত আমির। তার দাবি, সরকারি দলের ১৪৮ জন সংসদ সদস্যকে বিশেষ বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের সংসদ সদস্যরা বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
আলোচনা সভায় ১১ দলীয় জোটের নেতারা অভিযোগ করেন, প্রয়োজনীয় সংস্কার এড়িয়ে বিএনপি আধিপত্যবাদের সাথে আপস করে দেশ পরিচালনা করছে।
সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের নামে বিএনপি ১৭টি ধারা লঙ্ঘন করেছে। এ সময় তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়ার ঘটনায় সালাহউদ্দিন আহমেদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেন, অযোগ্য ব্যক্তিদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি।
অন্যদিকে, সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা না করতে আলেমদের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, বিএনপি তাদের ৩১ দফার অঙ্গীকার থেকে সরে এসেছে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ নেন। সভা থেকে জাতিকে বিভক্ত না করে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।


