...|...|...

সারাদেশ

জুলাইযোদ্ধাদের পিটিয়ে অনুষ্ঠান থেকে বের করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, দুপুর ২:৪৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬, সকাল ৭:৪৭
Shares
জুলাইযোদ্ধাদের পিটিয়ে অনুষ্ঠান থেকে বের করার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের পিটিয়ে বের করে দিচ্ছেন বিএনপি নেতা। ছবি: ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাইযোদ্ধাদের পিটিয়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের তথ্যমতে, অনুষ্ঠান চলাকালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের নেতৃত্বে একদল কর্মী হঠাৎই বিশৃঙ্খলা তৈরি করেন। তারা আন্দোলনে অংশ নেওয়া জাকির হোসেন মিন্টু (আদর) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরের ওপর চড়াও হন। একপর্যায়ে তাদের ধাক্কাধাক্কি ও মারধর করে হল রুমের বাইরে পাঠায় হামলাকারীরা।

ভুক্তভোগী জাকির হোসেন মিন্টু (আদর) ক্ষোভ প্রকাশ করে বলেন, অনুষ্ঠানে প্রবেশকালেই তারা আমাদের গতিপথ রোধ করে এবং শরীয়তপুরে কোনো আন্দোলন কিংবা জুলাইযোদ্ধা ছিল না বলে দাবি তুলতে থাকে। আমি সভাকক্ষে ঢুকতেই গালিগালাজ করে আমার ওপর চড়াও হয়। তাদের হামলায় আমি মাথায় আঘাত পেয়েছি।

আরেক ভুক্তভোগী ইমরান আল নাজির বলেন, জেলা প্রশাসনের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েই আমরা রাষ্ট্রীয় এই আয়োজনে যোগ দিতে এসেছিলাম। কিন্তু উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের সামনেই বিএনপির নেতাকর্মীরা আমাদের ওপর চড়াও হয়ে মারধর করে বের করে দেয়। অথচ পুলিশ সদস্যরা সম্পূর্ণ নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছেন।

তবে মারধরের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা। দলটির উপজেলা সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরের জানান, জুলাই আন্দোলনে বিএনপির ত্যাগ অনস্বীকার্য, যা বিরোধীদলীয় নেতারাও স্বীকার করেন। কিন্তু ইমরান আল নাজির ও এনসিপি সংশ্লিষ্ট কিছু সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে বিষোদগার করে আসছেন। আজকের অনুষ্ঠানেও তারা একই ধরনের অপমানজনক বক্তব্য দেওয়ায় উপস্থিত কর্মীদের সাথে বাগ্‌বিতণ্ডা তৈরি হয়, যার জেরে তাদের বের করে দেওয়া হয়।

পুরো ঘটনাটি পুলিশের সামনে ঘটলেও বিষয়টি নিয়ে গণমাধ্যমের কাছে কোনো কথা বলতে রাজি হননি উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন।

অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক (ডিসি) তাহসিনা বেগম বলেন, মূল আয়োজন চলাকালে ভেতরের পরিবেশ স্বাভাবিক ছিল। ঘটনাটি হয়তো অনুষ্ঠান শুরুর আগে ঘটে থাকতে পারে। আমরা মূল কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ করেছি। বিষয়টি সম্পর্কে পুরোপুরি জেনে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।