...|...|...

শিক্ষা

জুনিয়র বৃত্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, নম্বর বণ্টন ও মানতে হবে যেসব নির্দেশনা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:৩৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২:৫৫
Shares
জুনিয়র বৃত্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, নম্বর বণ্টন ও মানতে হবে যেসব নির্দেশনা

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। রোববার (২৩ আগস্ট) বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা। একই সঙ্গে পরীক্ষার্থীদের জন্য ছয় দফা নির্দেশনাও জারি করেছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

প্রকাশিত সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ-বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জিতে ১৫ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলার কথা বলা হয়েছিল এবং ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ধরা হয়েছিল ৩০ ডিসেম্বর। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের আগেই এবার পরীক্ষা শুরু ও শেষ হচ্ছে।

পরীক্ষার্থীদের জন্য ছয় নির্দেশনা

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই পরীক্ষার্থীদের নিজ নিজ আসনে বসতে হবে। প্রশ্নপত্রে উল্লিখিত সময় মেনে পরীক্ষা নিতে হবে- বিজ্ঞান বিষয়ের জন্য দেড় ঘণ্টা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের জন্য দেড় ঘণ্টা, সব মিলিয়ে মোট তিন ঘণ্টা। প্রবেশপত্র সংগ্রহ করতে হবে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে, নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে।

উত্তরপত্রের OMR ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করার নির্দেশ দেওয়া হয়েছে, তবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। এ ছাড়া পরীক্ষায় বোর্ড অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী মুঠোফোনসহ কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষাকেন্দ্রে আনতে পারবেন না।

যেভাবে হবে নম্বর বণ্টন

এবার মোট ৪০০ নম্বরে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এই নম্বরের ভিত্তিতেই দেওয়া হবে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি। বাংলা, ইংরেজি ও গণিত- এই তিন বিষয়ে প্রতিটিতে থাকবে ১০০ নম্বর করে, সময় পাওয়া যাবে ৩ ঘণ্টা করে।

অন্যদিকে বিজ্ঞান ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০+৫০ মিলিয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, যার জন্য সময় বরাদ্দ থাকবে দেড় ঘণ্টা করে দুই বিষয়ে মোট তিন ঘণ্টা।