...|...|...

আইন ও আদালত

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২২ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৫:২৩
Shares
জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, জিয়াউল আহসান যে অপরাধ করেছেন, তাতে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তার নেই; মৃত্যুদণ্ডই হতে পারে এর একমাত্র সাজা।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপনের সময় এ আবেদন জানান চিফ প্রসিকিউটর।

যুক্তিতর্কের সময় ব্যবহৃত ‘পারসোনা নন-গ্রাটা’ শব্দবন্ধের ব্যাখ্যা জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, তারা বুঝিয়েছেন জিয়াউল আহসানকে যেন সর্বোচ্চ সাজা দিয়ে দুনিয়া থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ বা অবাঞ্ছিত করা হয়। এই অবাঞ্ছিত ঘোষণা শুধু সেনানিবাসের ভেতরে সীমাবদ্ধ থাকার মতো নয়; এমন ব্যক্তির দুনিয়ায় বাঁচার অধিকার নেই।

আইনের ২০-এ ধারার প্রসঙ্গ টেনে আমিনুল ইসলাম বলেন, অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। সেই বিষয়টি বোঝাতেই প্রতীকি ও আক্ষরিক অর্থে তাঁরা বলেছেন, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দি ওয়ার্ল্ড’—অর্থাৎ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যুক্তিতর্কের সমাপনী পর্যায়ে দণ্ড ও দোষী সাব্যস্ত করার বিষয়ে তারা আরও বিস্তারিত বক্তব্য দেবেন।

জিয়াউল আহসানের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, তিনি কোনোভাবেই ছাড় পাওয়ার যোগ্য নন। এ মামলার প্রথম সাক্ষী তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া বলেছিলেন, জিয়াউলকে সেনানিবাস থেকে পারসোনা নন-গ্রাটা ঘোষণা করা হয়েছিল যাতে তিনি সেনানিবাসে ঢুকতে না পারেন।

চিফ প্রসিকিউটর বলেন, এমন ব্যক্তিকে গোটা পৃথিবী থেকেই অবাঞ্ছিত ঘোষণা করা উচিত; কারণ তিনি যেসব মানুষকে হত্যা করেছেন, তাদের কোনো অপরাধ ছিল না।

যুক্তিতর্কের একপর্যায়ে সাবেক সরকারের কিছু সেনা কর্মকর্তার ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, সেনা কর্মকর্তাদের দায়িত্ব জানমালের নিরাপত্তা দেওয়া; কিন্তু তারা রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

পরে সাংবাদিকদের কাছে আমিনুল ইসলাম বলেন, আজকের যুক্তিতর্কে জিয়াউল আহসানের বিচার ট্রাইব্যুনালে হওয়া কতটা ন্যায়সংগত, সে বিষয়ে তথ্য ও আইনি ব্যাখ্যা তুলে ধরা হয়েছে। প্রসিকিউশনের সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী এবং প্রত্যক্ষদর্শী; তাদের সামনে বা অংশগ্রহণে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন তারা।

সাক্ষীদের জবানবন্দি উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর জানান, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনো ১১ জন বা তার বেশি মানুষকে নিয়ে যাওয়া হতো। ট্রলারে করে তাদের বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নিয়ে বিভিন্ন ঘটনা সাজিয়ে হত্যা করা হতো। কাউকে বালিশ চাপা দিয়ে গুলি, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

তিনি বলেন, এভাবে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ায় তা উদ্ধারের সম্ভাবনা থাকত না এবং জলজ প্রাণীর কারণে কিছুদিনের মধ্যেই লাশ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তবু ১৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজনের লাশ পাওয়া গেছে একজন নজরুল, অন্যজন সজল। টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজের ওপর জিয়াউল আহসান নিজে গুলি করে সজলকে হত্যা করেন বলে প্রত্যক্ষদর্শী ও পারিপার্শ্বিক সাক্ষ্যে প্রমাণিত হয়েছে।

মামলার তিনটি অভিযোগে ১১৫ জনকে হত্যার কথা উল্লেখ থাকলেও সাক্ষীদের বয়ানে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য এসেছে বলে জানান আমিনুল ইসলাম। তার মতে, এই সংখ্যা চূড়ান্ত নয়, গুমের চলমান তদন্তে আরও তথ্য মিলতে পারে।

সাক্ষীদের ভাষ্য অনুযায়ী, ২০ থেকে ২৫ বার চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযানে গিয়েছিলেন জিয়াউল এবং প্রতিবারই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়; কোনো কোনো অভিযানে সর্বোচ্চ ১১ জনকে হত্যার তথ্য উঠে এসেছে।