নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র্যাবের সাবেক কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ও ভূমিকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, মামলার প্রধান আসামি হিসেবে পরিচিত তারেক সাঈদ মোহাম্মদের ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জিয়াউল আহসানের নির্দেশনার বিষয়টি উঠে এসেছে। তারেক সাঈদের বক্তব্য অনুযায়ী, জিয়াউল আহসানের নির্দেশ ও অনুমতি ছাড়া র্যাবের কোনো অভিযান পরিচালিত হতো না।
বুধবার (২৫ নভেম্বর) নারায়ণগঞ্জের সাত খুন মামলার আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুন দেশের এমন একটি অপরাধ, যা সমাজের প্রত্যেক মানুষকে নাড়া দিয়েছে। মামলার নথিপত্র ও আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের যে বিবরণ উঠে এসেছে, তা অত্যন্ত ভয়াবহ।
অ্যাটর্নি জেনারেলের ভাষ্য অনুযায়ী, প্রথমে পাঁচজনকে অপহরণ করা হয়। পরে আইনজীবী চন্দন সরকার ও তার গাড়িচালক ঘটনাটি দেখে ফেলায় তাদেরও অপহরণ করা হয়। এরপর সাতজনকে অচেতন করে হত্যা করা হয়। হত্যার পর লাশের পেটে ইট ও সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেয়া হয়, যাতে সেগুলো পানিতে ভেসে না ওঠে।
তিনি বলেন, আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যাকাণ্ডের বিভিন্ন পর্যায়, কার কী ভূমিকা ছিল এবং কীভাবে পুরো ঘটনা ঘটানো হয়েছে, তা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এসব বক্তব্যের সাথে মামলার অন্যান্য সাক্ষ্যপ্রমাণেরও মিল রয়েছে।
সাত খুন মামলার আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল নিজে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক আদালতে যুক্তি উপস্থাপন করেছেন। শুনানিতে হাইকোর্টের রায়ের বিভিন্ন অংশ তুলে ধরার পাশাপাশি আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির গুরুত্বপূর্ণ অংশ আদালতের নজরে আনা হয়েছে বলে জানান তিনি।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক বলেন, হত্যাকাণ্ডের সময় মামলায় কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাষ্ট্রপক্ষ তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা, হাবিলদার এমদাদুল হক ও সিপাহী আবু তৈয়বের জবানবন্দির বিভিন্ন অংশ আদালতে পড়ে শুনিয়েছে।
এসময় অ্যাটর্নি জেনারেল বলেন, তারেক সাঈদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, তৎকালীন র্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা ছাড়া কোনো অভিযান পরিচালনার সুযোগ ছিল না। সাত খুনের ঘটনায় তার ভূমিকা ও দায়িত্বের বিষয়টিও আসামির জবানবন্দিতে উঠে এসেছে।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাত খুন মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি কেন, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, প্রচলিত আইনে এই মামলার বিচার হয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া ভিন্ন। এই মামলায় জিয়াউল আহসানকে আসামি করা হয়নি, সেটি আলাদা বিষয়। তবে মামলার সাক্ষ্য ও জবানবন্দিতে তার নাম এবং দায়িত্বের বিষয়টি উঠে এসেছে। এ কারণে ইতিমধ্যে সম্পন্ন হওয়া বিচারিক প্রক্রিয়া ত্রুটিপূর্ণ ছিল, এমন কথা বলার সুযোগ নেই।


