আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দুর্দান্ত জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে সোবহানা মোস্তারির দল।
ম্যাচে প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ে নির্ধারিত ওভারে ১৩১ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বল হাতে রেখেই মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও সাথী রানি। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১০৪ রান। জয়ের ভিত গড়ে দেওয়া এই জুটি ভাঙে সাথীর বিদায়ে। ৪৩ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।
এরপর শারমিন আক্তারকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন দিলারা। ৬৮ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। অন্যদিকে শারমিন অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক জোসেফিন এনকোমো। শুরুটা ভালোই করেছিল দলটি। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৩১ রান সংগ্রহ করে তারা।
সপ্তম ওভারে বিলাভড বিজাকে ১২ রানে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন রাবেয়া খান। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার কেলিস এনদোভলু করেন ২২ রান। অন্যদিকে শের্ন মেয়ার্স ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।
চতুর্থ উইকেটে চিপো-মুগেরি ত্রিপানো ও অধিনায়ক এনকোমো মিলে দলের সংগ্রহ একশ ছাড়িয়ে নেন। ত্রিপানো ৩০ বলে ৪০ এবং এনকোমো ৩৫ রান করেন। এ ছাড়া মাভুঙ্গা ৮, মুতাশা ৩ ও গুয়ানজো ১১ রান যোগ করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রাবেয়া খান। তিনি শিকার করেন তিনটি উইকেট। দিশা বিশ্বাস নেন দুটি এবং রিতুমনি পান একটি উইকেট। ফলে ১৩১ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে এমন দাপুটে জয় বাংলাদেশের মেয়েদের আত্মবিশ্বাস বাড়াবে।


