...|...|...

বিনোদন

জায়েদ খানের দাবি সহায়তা করেছেন, রিফাত বললেন ‘প্রতারক’

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২১
Shares
জায়েদ খানের দাবি সহায়তা করেছেন, রিফাত বললেন ‘প্রতারক’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন বিশিষ্ট অভিনেতা ও কবি রিফাত চৌধুরীকে নিয়ে ঢালিউড পাড়ায় তৈরি হয়েছে নতুন বিতর্ক। চলচ্চিত্র অভিনেতা জায়েদ খানের দেওয়া আর্থিক সহায়তার দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন চিকিৎসাধীন এই শিল্পী। তার ভাষ্য, চিকিৎসার জন্য জায়েদ খান তাকে কোনো আর্থিক সহায়তা করেননি।

জায়েদের সহায়তার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন রিফাত। তিনি দাবি করেন, তাকে সহায়তা করা হয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে, সেটি সত্য নয়। একই সাথে এমন খবর কীভাবে বা কার মাধ্যমে ছড়িয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে রিফাত চৌধুরীর পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন জায়েদ খান। তার বক্তব্য ছিল, বিপদের সময় একজন শিল্পীর পাশে আরেকজন শিল্পীর থাকা স্বাভাবিক। নিজের সামর্থ্য অনুযায়ী রিফাতের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলেও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি অন্য শিল্পীদেরও সহযোগিতার আহ্বান জানান জায়েদ।

দুই শিল্পীর বক্তব্যে ভিন্নতা দেখা দেওয়ায় বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সহায়তার দাবি নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসায় তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এদিকে রিফাত চৌধুরী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মেডিসিন ইউনিট-৩-এ চিকিৎসাধীন। দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। অসুস্থতার পাশাপাশি চিকিৎসার খরচ বহন করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে।

এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা রিফাত চৌধুরীর অসুস্থতার কথা জানিয়ে তার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পরে অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ও হাসপাতালে গিয়ে তার খোঁজখবর নেয় এবং আর্থিক সহায়তা দেয়।