...|...|...

আইন ও আদালত

জাল সনদে ১৯ বছর চাকরি, চাকরিচ্যুতির ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:২৪
Shares
জাল সনদে ১৯ বছর চাকরি, চাকরিচ্যুতির ৪২ লাখ টাকা ফেরতের নির্দেশ

ছবি: সংগৃহীত

জাল সনদে চাকরি নেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক অফিস সহকারী মোহাম্মদ গোলাম মাওলাকে ১৯ বছরে তোলা ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা সরকারি কোষাগারে ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে এই অর্থ পরিশোধ করতে হবে।

গত ১৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের (সাধারণ ও সংস্থাপন শাখা) এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, ২০০৭ সালের ৩১ জানুয়ারি অফিস সহকারী হিসেবে যোগ দেন রাজধানীর হাতিরপুলের বাসিন্দা গোলাম মাওলা। কিন্তু ভুয়া ও জালিয়াতি করা শিক্ষাগত যোগ্যতার সনদে তিনি এই চাকরি নেন।

পরবর্তীতে অভিযোগ উঠলে ২০২১ সালে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের ২১ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।

আদেশে আরও জানানো হয়, জালিয়াতির মাধ্যমে নিয়োগ পাওয়ায় তার চাকরি শুরু থেকেই বাতিল বলে গণ্য হবে। ফলে ২০০৭ সালের ৩১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তোলিত কোনো বেতন-ভাতা তিনি পাওয়ার যোগ্য নন।

সে হিসেবে গত ১৯ বছরে সরকারি তহবিল থেকে নেওয়া মোট ৪২ লাখ ৩ হাজার ৯০১ টাকা আগামী এক মাসের মধ্যে রাষ্ট্রীয় কোশাগারে জমা দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রশাসন।