এশিয়ার ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। প্রথমবারের মতো কোনো গোলরক্ষক হিসেবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স এবং ক্লাব ফুটবলে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পেয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এএফসির ৩০তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেইরানভান্দের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়।গোল ডটকম এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
গত গ্রীষ্মে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরানের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান বেইরানভান্দ। নানা প্রতিকূলতা ও বিধিনিষেধের মধ্যেও গ্রুপ পর্বে অপরাজিত ছিল তার দল। যুক্তরাষ্ট্রে রাতযাপনসংক্রান্ত নিষেধাজ্ঞাসহ বিভিন্ন সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়েছিল ইরানকে। তবে মাঠের লড়াইয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় দলটি।
বিশ্বকাপে ইরানের গোলপোস্ট সামলানোর দায়িত্ব ছিল বেইরানভান্দের কাঁধে। বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে সাতটি দুর্দান্ত সেভ করে দলকে গোলশূন্য ড্র এনে দেন তিনি। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল ইরান। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের সাথে ও ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দলটি।
তিন ম্যাচে অপরাজিত থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলোতে ওঠা হয়নি ইরানের। তবে পুরো আসরে ব্যক্তিগত নৈপুণ্যে নজর কাড়েন বেইরানভান্দ। বিশ্বকাপে তার মোট সেভের সংখ্যা ছিল ১৫টি।
এর আগে ২০১৯ সালেও এএফসির বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে মনোনয়ন পেয়েছিলেন এই গোলরক্ষক। তবে সেবার পুরস্কার জেতেন কাতারের আকরাম আফিফ। এবার সৌদি আরবের দুই তারকা ফেরাস আল-ব্রিকান ও সালেম আল-দাওসারিকে পেছনে ফেলে সেরার স্বীকৃতি পেয়েছেন তিনি।
বেইরানভান্দের এই অর্জনের মধ্য দিয়ে ২২ বছর পর আবারও এএফসির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন কোনো ইরানি। সর্বশেষ ২০০৪ সালে দেশটির কিংবদন্তি ফুটবলার আলী কারিমি এই সম্মাননা জিতেছিলেন। এর আগে ইরানের হয়ে পুরস্কারটি পেয়েছেন খোদাদাদ আজিজি (১৯৯৬), আলী দাইয়ি (১৯৯৯) ও মেহদি মাহদাভিকিয়া (২০০৩)।
উল্লেখ্য, বেইরানভান্দের আগে বর্ষসেরার জন্য মনোনয়ন পাওয়া একমাত্র গোলরক্ষক ছিলেন সৌদি আরবের মোহাম্মদ আল-দেয়ায়া। ১৯৯৬ সালে মনোনয়ন পেলেও পুরস্কার জিততে পারেননি তিনি।
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বেইরানভান্দ। তার নৈপুণ্যে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে জায়গা করে নেয় ট্র্যাক্টর এফসি। প্রতিযোগিতায় দলের নয় ম্যাচের পাঁচটিতেই ক্লিনশিট ধরে রাখেন তিনি। এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় এটি ছিল ক্লাবটির অন্যতম সেরা সাফল্য।
ঘরোয়া লিগেও ট্র্যাক্টরের হয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই গোলরক্ষকের। যুদ্ধের কারণে সংক্ষিপ্ত হয়ে আসা লিগে মাত্র তিনটি ম্যাচে খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত এসতেগলাল এফসির পেছনে থেকে রানার্সআপ হয় ট্র্যাক্টর।
চলতি বছরের অক্টোবর থেকে ইরানের আরেক ক্লাব ফজর সেপাসি শিরাজের হয়ে খেলছেন বেইরানভান্দ। জাতীয় দলের হয়ে ৯০টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই গোলরক্ষক বিশ্বকাপ ও ক্লাব ফুটবলের পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার এশিয়ার সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন।



