চীনের মোকিতে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। এই হারে সেমিফাইনালে ওঠার পাশাপাশি সরাসরি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার বড় সুযোগ হাতছাড়া করল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম কোয়ার্টারে জাপানকে আটকে রেখেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে গোল হজম করে পিছিয়ে পড়ে দল। তৃতীয় কোয়ার্টারে ব্যবধান ধরে রাখার পর শেষ ১৫ মিনিটে চাপ বাড়ায় জাপান। সেই চাপ সামলাতে না পেরে আরও একটি গোল হজম করে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী সেমিফাইনালে ওঠা চার দল সরাসরি অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের টিকিট পাবে। তবে আয়োজক হিসেবে ভারত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেলে পঞ্চম স্থান অর্জনকারী দলটির সামনেও নতুন দুয়ার খুলতে পারে বলে আশা করছেন বাংলাদেশের পাকিস্তানি কোচ আরিফ আলী।
বিশ্বকাপের সেই ক্ষীণ আশা বাঁচিয়ে রাখতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে নামতে হবে বাংলাদেশকে। আগামী পরশুদিনের সেই ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া অথবা মালয়েশিয়া।
এদিকে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশের পুরুষ অনূর্ধ্ব-২০ দল। তাদের প্রতিপক্ষও জাপান। কালকের এই লড়াইয়ের ওপরই নির্ভর করছে পুরুষ দলের বিশ্বকাপ ভাগ্য। জাপানকে হারাতে পারলে বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ, আর হারলে খেলতে হবে সপ্তম স্থান নির্ধারণী ম্যাচ।


