...|...|...

ধর্ম

জানা গেল ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৬
Shares
জানা গেল ২০২৭ সালের রোজা শুরুর সম্ভাব্য তারিখ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস শুরু হতে আর প্রায় তিন মাস বাকি। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বলছে, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি (সোমবার) থেকে রোজা শুরু হতে পারে। সে অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাঁদ দেখা গেলে ওই রাতেই আদায় করা হবে প্রথম তারাবির নামাজ।

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৮ হিজরি সনের এই মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের কোথাও জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই দিন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবের (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বুধবার থেকে নতুন মাস গণনার সিদ্ধান্ত নেওয়া হয়।

হিজরি সনের ষষ্ঠ মাস জমাদিউস সানির পর আসবে রজব। এরপর অষ্টম মাস শাবান। এই দুই মাসের সমাপ্তির মধ্য দিয়েই শুরু হবে পবিত্র রমজান মাস।

চন্দ্রবর্ষের ওপর নির্ভরশীল হিজরি বর্ষপঞ্জিতে কোনো মাস ২৯ দিনের, আবার কোনো মাস ৩০ দিনের হয়। এ কারণে রমজান শুরুর নির্দিষ্ট দিন চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী, প্রতিবছর গ্রেগরীয় বর্ষপঞ্জিতে রমজান প্রায় ১০ থেকে ১২ দিন আগে আসে। সেই হিসাবে ২০২৭ সালে চলতি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসতে পারে রমজান।

তবে ২০২৭ সালে রোজা শুরুর দিন এখনো নিশ্চিত নয়। চাঁদ দেখার পরিস্থিতি পর্যালোচনা করে যথাসময়ে বৈঠকের মাধ্যমে জাতীয় চাঁদ দেখা কমিটি আনুষ্ঠানিকভাবে রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।