অভিনেতা ডনের সাথে এক নারীর ‘অন্তরঙ্গ’ ছবি কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ছবির নারীকে চিত্রনায়ক সালমান শাহর স্ত্রী সামিরা বলে দাবি করা হলেও পরে এ বিষয়ে ভিন্ন তথ্য সামনে আসে।
সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু ও সামিরার সাবেক স্বামী মোস্তাক ওয়াইজ এক সাক্ষাৎকারে দাবি করেন, ভাইরাল হওয়া ছবির নারী সামিরা নন; তিনি অভিনেত্রী সাবরিনা।
তার ভাষ্যমতে, ছবিটি ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালে তোলা হয়েছিল।
মোস্তাক ওয়াইজ বলেন, ‘আশা ভালোবাসা’ সিনেমার মূল নায়ক-নায়িকা ছিলেন সালমান শাহ ও শাবনাজ। সাবরিনা ছিলেন পার্শ্বনায়িকা।
শুটিং চলাকালে সালমান শাহ মজার ছলে একটি ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ডন ও সাবরিনার ওই ছবি তুলেছিলেন। পরে ছবিটি নিয়ে ডনের সাথে হাস্যরসও করতেন তিনি। তবে ডনের সাথে সামিরার একটি আলাদা ছবির কথাও উল্লেখ করেন মোস্তাক।
তার দাবি, একবার সামিরা ম্যাগাজিন পড়ছিলেন, সে সময় সালমান শাহ ছবি তুলছিলেন। তখন ডন হাত বাড়িয়ে দিলে তাদের একটি ছবি ধারণ করা হয়।
মোস্তাক ওয়াইজ আরো দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডন ও সামিরার নামে প্রচারিত বেশির ভাগ ছবিই সম্পাদিত বা ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এ বিষয়ে সামিরাও অতীতে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। তিনি বলেন, তার একটি ছবি দেখিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এর ফলে অনেকেই তাকে ভুল বুঝছেন এবং অপবাদ দিচ্ছেন।
সামিরার ভাষ্যমতে, ডন তার কাছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং প্রতি ঈদে তিনি সামিরার পা ছুঁয়ে সালাম করতেন।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে একাধিকবার যোগাযোগ করেছেন এবং প্রশাসনের জিজ্ঞাসাবাদেও সহযোগিতা করেছেন।
দেশের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ। ১৯৯২ সালের ১২ আগস্ট সামিরাকে বিয়ে করেন তিনি। মাত্র কয়েক বছরের সফল ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু হয়। এর পর থেকে তার মৃত্যু এবং পারিবারিক জীবন ঘিরে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও বিতর্ক সামনে এসেছে।


