...|...|...

শিক্ষা

জানা গেল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:২৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৪৩
Shares
জানা গেল মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

জানা গেলে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ। ফাইল ছবি

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সময়সূচির ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এইচএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে, তা এখনো নিশ্চিত নয়। অক্টোবরের মাঝামাঝি কিংবা শেষ সপ্তাহে ফল প্রকাশ করা হলে ৪ ডিসেম্বরই ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক জানান, এইচএসসি ফল প্রকাশের আগে মেডিকেল ও ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব হবে না। ফল প্রকাশের পর ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হবে। এরপর ফল পুনর্নিরীক্ষণের প্রক্রিয়া রয়েছে। সবশেষে ভর্তি আবেদনসহ অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম শেষ করে পরীক্ষা আয়োজন করতে হবে। এসব বিষয় বিবেচনায় রেখেই প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, অক্টোবরের মাঝামাঝি বা শেষ সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ হলে ৪ ডিসেম্বর পরীক্ষা আয়োজন করা যেতে পারে। তবে ফল প্রকাশে বিলম্ব হলে মেডিকেল ভর্তি পরীক্ষার সময়ও পিছিয়ে দিতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচিও বিবেচনায় নিতে হবে। এতে ভর্তি পরীক্ষার সময়সূচি সমন্বয়ে জটিলতা তৈরি হতে পারে।

এবারও এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একই দিনে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক নাজমুল হোসেন। তিনি বলেন, প্রশ্নপত্র প্রণয়ন, নম্বর বণ্টনসহ ভর্তি পরীক্ষার আরও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে। আগামী দেড় থেকে দুই সপ্তাহের মধ্যে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০২৫ সালের ১২ ডিসেম্বর। ওইদিন সকাল ১০টা থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার দুই দিন পর ১৪ ডিসেম্বর ফল প্রকাশ করা হয়েছিল।