জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংস্থার বাইরে কোনো দেশ বা কর্তৃপক্ষের নির্দেশনা গ্রহণ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালনের আনুষ্ঠানিক শপথ নিয়ে তিনি এ কথা বলেন।
শপথবাক্যে খলিলুর রহমান বলেন, 'জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে অর্পিত দায়িত্ব আমি সম্পূর্ণ আনুগত্য, বিচক্ষণতা, বিবেক ও সততার সঙ্গে পালন করব। জাতিসংঘের সনদ ও আচরণবিধি অনুযায়ী কেবল এই সংস্থার স্বার্থেই নিজের কাজ সম্পাদন করব।'
দায়িত্ব পালনকালীন নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে জোর দিয়ে তিনি আরও বলেন, 'আমার কাজের বিষয়ে জাতিসংঘের বাইরের কোনো সরকার কিংবা অন্য কোনো উৎস থেকে পরামর্শ বা নির্দেশনা চাইব না, গ্রহণও করব না।'
শপথ নেওয়ার মধ্য দিয়ে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করলেন খলিলুর রহমান।
এর আগে গত ২ জুন অনুষ্ঠিত সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনের ভোটাভুটিতে ৯৯ ভোট পান বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন।


