...|...|...

রাজনীতি

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে জামায়াতে ইসলামী

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, রাত ১:৪৮
Shares
জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রতিনিধি পাঠাচ্ছে জামায়াতে ইসলামী

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ এবারই প্রথম প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির হয়ে সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। তিনি জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিরও সদস্য।

আগামী শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের উদ্দেশে দেশ ছাড়বেন তিনি। সম্মেলনে বিভিন্ন পার্শ্ব আয়োজনের পাশাপাশি বিভিন্ন দেশের রাজনীতিবিদ ও কূটনীতিকদের সাথে বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার। এ ছাড়া বাংলাদেশের প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজনের কথাও জানিয়েছেন তিনি।

গণমাধ্যমকে ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। বন্যা, খরা, নদীভাঙন, উপকূলীয় ভাঙন ও তাপমাত্রা বৃদ্ধির মতো নানা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে দেশের মানুষকে। এসব দুর্যোগের কারণে মানুষের সামাজিক জীবন, স্বাস্থ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে।

তিনি বলেন, দেশের প্রধান বিরোধী দল হিসেবে জনগণের প্রতি জামায়াতে ইসলামীরও দায়িত্ব রয়েছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের পক্ষে আন্তর্জাতিক পরিসরে কথা বলা এবং জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা আদায়ে ভূমিকা রাখার লক্ষ্যেই সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।

জামায়াতের এই সংসদ সদস্য আরও বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয়, সরকারের কাজেও সহযোগিতা করা। জলবায়ু পরিবর্তনের প্রভাব সরকার ও বিরোধী দল উভয়কেই মোকাবিলা করতে হচ্ছে। তাই বাংলাদেশের জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা করাই সম্মেলনে অংশ নেওয়ার প্রধান উদ্দেশ্য।

দলীয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী আন্তর্জাতিকভাবে স্বীকৃত অভিবাসন বিশেষজ্ঞ ও মানবাধিকার আইনজীবী। তিনি জামায়াতের ফরেন অ্যাফেয়ার্স টিমের (ইউরোপ) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। পরিবেশ, জলবায়ু ও পানিসম্পদ নিয়ে কাজের অভিজ্ঞতা এবং সংসদীয় স্থায়ী কমিটিতে সংশ্লিষ্ট দায়িত্ব বিবেচনায় তাকে সম্মেলনে প্রতিনিধি হিসেবে মনোনীত করেছে দলটি।