নেত্রকোণায় নিজের পৈতৃক বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
শুক্রবার (২০ নভেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে রাফি অভিযোগ করেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৩টার দিকে নেত্রকোণায় তার গ্রামের বাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। ওই সময় বাড়িতে ঘুমিয়ে ছিলেন তার বাবা-মা। একটি শপিং ব্যাগে আগুন ধরিয়ে বাড়ির বারান্দায় ফেলে দেওয়া হয়। তবে পেট্রোলের গন্ধ পেয়ে পাশের বাড়ির এক নারী বাইরে বেরিয়ে আগুন দেখতে পান এবং চিৎকার শুরু করেন। পরে তার বাবা-মা ঘুম থেকে জেগে ওঠেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
রাফি বলেন, আগুনের পাশে মাছ ধরার একটি ঠেলা জাল ছিল। জালের একাংশ পুড়ে গেছে। এর ঠিক ওপরেই ছিল বিদ্যুতের মিটার। প্রতিবেশীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি। আল্লাহর রহমতে তার বাবা-মা অক্ষত রয়েছেন।
এ ঘটনায় ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন রাফি। তার দাবি, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা পুলিশকে দেখিয়ে দেওয়া হয়েছে। এরপরও কাউকে গ্রেফতার না করায় পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে রাফি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু একের পর এক নাশকতার ঘটনা ঘটলেও তার পক্ষ থেকে দৃশ্যমান তৎপরতা দেখা যাচ্ছে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সম্মানের সাথে দায়িত্ব ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার ঘটনা তুলে ধরে রাফি এসব ঘটনার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন। তিনি অভিযোগ করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডাকসু নেতা মুসাদ্দেকের বাড়িঘর ভাঙচুর, বিএনপির নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং চলন্ত বাসে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে।
তিনি বলেন, যারা বাসে আগুন দিয়ে সাধারণ মানুষকে পুড়িয়ে মারতে চায় এবং জনগণের জানমালের ক্ষতি করে, তারা কোনো রাজনৈতিক সংগঠন হতে পারে না; তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী।
জুলাই-পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের পর বিভিন্ন মহলের তদবিরে তাদের ছেড়ে দেওয়ার অভিযোগও করেন রাফি। এ সময় বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, আওয়ামী লীগকে ছাড় দেওয়ার পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে।
শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ার প্রসঙ্গ টেনে রাফি রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, একটি হত্যার বিচার নিশ্চিত করতে না পারলে সাধারণ মানুষের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, তা নিয়ে তার সংশয় রয়েছে।
সবশেষে আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাফি বলেন, মৃত্যুর ভয় দেখিয়ে তাদের আন্দোলন থামানো যাবে না। ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিও তাদের লড়াই থামাতে পারেনি, অগ্নিসন্ত্রাসও পারবে না।
তিনি বলেন, ‘আমাদের কোনো পিছুটান নাই, আমাদের সামনে শুধুই বাংলাদেশ।’
এ সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাফি। পাশাপাশি যারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, তাদের বিরুদ্ধেও ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন।


