জনগণের সামনে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শুধু কথায় নয়, সরকার জনগণের কাছে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করছে।
রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে। অন্য কোনো দেশের মতো নয়, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করাই সরকারের লক্ষ্য।
নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য। জনগণের সামনে দেওয়া ওয়াদা সরকার পালন করছে।
তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে সঠিকভাবে গড়ে তুলতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত অবস্থানে নেওয়া সম্ভব নয়।
বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীতের বিষয়গুলো বিবেচনায় নিয়ে জনগণকে বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি প্রশ্ন তুলে বলেন, যারা আজ নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে, তারা গত ১৭ বছরে রাজপথে ছিল না। এখন যারা সংস্কারের কথা বলছেন, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন-এ প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।


