যশোরে মাছবাহী পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক নারী ও তার চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির বাবা আব্দুর রহমান। রবিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার রাজগঞ্জ সড়কের হানুয়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মৌসুমি খাতুন ও তার ছেলে ওমর ফারুক। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল চালক আব্দুর রহমান বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের স্বজনেরা জানান, ছেলের চিকিৎসা করিয়ে শহর থেকে মোটরসাইকেলে পরিবারের সদস্যদের সাথে বাড়ি ফিরছিলেন আব্দুর রহমান। পথে হানুয়ার বটতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাছবাহী পিকআপের সাথে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলটিতে ধাক্কা লাগলে মা ও ছেলে ইঞ্জিনচালিত ভ্যানের নিচে পড়ে যান।
এতে ঘটনাস্থলেই মৌসুমি খাতুনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা মা ও ছেলেকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে চার বছরের শিশু ওমর ফারুককেও মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব রায় চৌধুরী জানান, মা ও সন্তানকে আমারা মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে মাথায় অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।


