...|...|...

রাজনীতি

ছেলের ওপর হামলায় জড়িতদের পরিচয় জানালেন আখতারুজ্জামান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, সকাল ৭:০৯
Shares
ছেলের ওপর হামলায় জড়িতদের পরিচয় জানালেন আখতারুজ্জামান

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদীতে নিজের ছেলের ওপর ছুরিকাঘাতের ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তার অভিযোগ, উপজেলার সহস্রাম-দুলদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতারা তার ছেলে শাহরিয়ার জামানের ওপর হামলা চালিয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে কিশোরগঞ্জের গচিহাটা বাজারে এ হামলার ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত শাহরিয়ার জামান বর্তমানে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে।

বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আখতারুজ্জামান অভিযোগ করেন, তারা রাজনৈতিকভাবে আক্রমণের শিকার হচ্ছেন। তার ছেলে গচিহাটায় থাকেন এবং সেখানে খামার দেখাশোনা করেন। ছেলের ওপর হামলার বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কিশোরগঞ্জের পুলিশ সুপার, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যকে জানিয়েছেন বলেও পোস্টে উল্লেখ করেন।

কটিয়াদী থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কারা এ ঘটনার সাথে জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

অভিযোগের বিষয়ে কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান বলেন, আখতারুজ্জামান ফোন করে আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি ঘটনার খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

জানা গেছে, মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন তিনি।

এর আগে বিমানবন্দরে লাগেজ-সংক্রান্ত ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের করা মামলায় গ্রেফতার হয়েছিলেন আখতারুজ্জামান। সম্প্রতি দুই দিন আগে তিনি জামিনে কারামুক্ত হন।

এদিকে, আহত ছেলের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন আখতারুজ্জামান। একইসাথে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে। তবে হামলার কারণ ও অভিযুক্ত ব্যক্তিদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশের তদন্তে এখনো কোনো তথ্য নিশ্চিত হয়নি।