...|...|...

রাজনীতি

ছাত্রসমাজ ফুঁসে উঠলে সামলাতে পারবেন না: সাদিক কায়েম

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, দুপুর ১:২১
Shares
ছাত্রসমাজ ফুঁসে উঠলে সামলাতে পারবেন না: সাদিক কায়েম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ছাত্রসমাজ ফুঁসে উঠলে সামলাতে পারবেন না।”

সোমবার (৫ অক্টোবর) এক ফেসবুক পোস্টের বিবৃতিতে সাদিক কায়েম অভিযোগ করেন, “ভিডিও করিস তোরা, খাইয়া ফেলবো”—এই হুমকি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে অন্তত ১০ জন সাংবাদিক ও শিক্ষার্থীকে গুরুতর আহত করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা।

তিনি বলেন, “রাবির শহীদ জিয়াউর রহমান হল সংসদের জিএস ছাত্রদলের সশস্ত্র শোডাউনের প্রতিবাদ করায় রড, পাইপ ও চাপাতি নিয়ে তার ওপর হামলা করতে যায় ছাত্রদলের নেতারা। সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে তাদেরকেও টার্গেট করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকদের মোবাইল কেড়ে নেওয়া, গলা চেপে শ্বাসরোধের চেষ্টা থেকে শুরু করে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।”

হামলার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাদিক কায়েম। তিনি বলেন, “সাংবাদিকদের ওপর হামলার সময় রাবি প্রশাসন ও পুলিশ বরাবরের মতোই নির্লিপ্ত ভূমিকা পালন করেছে৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পরিস্থিতি সামালে নিজদের ব্যর্থতার কথা স্বীকার করে বলেছেন, ‘পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আগের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়েও একই কায়দায় শাহবাগ থানার ভেতরে ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলা করে ছাত্রদলের ঢাবি শাখার নেতাকর্মীরা। সেই ঘটনায় নির্লজ্জ নির্লিপ্ততার পরিচয় দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দলকানা প্রশাসন।”

তিনি আরও বলেন, “হামলার ৫ মাসেরও অধিক সময় পেরিয়ে গেলেও সেই ঘটনায় দৃশ্যমান ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তদন্ত কমিটির রিপোর্টও এখনো প্রকাশ করেনি তারা৷ উলটো ঢাবি প্রশাসনকে দেখা যায় হামলাকারী ছাত্রদলের সন্ত্রাসীদের পাশে নিয়ে ছাত্রদল ও বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নিতে।”

সাদিক কায়েম বলেন, “বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা সংবাদমাধ্যমকে ভয় পায়, এজন্য একের পর এক সাংবাদিকদের ওপর হামলা চালানো হচ্ছে দেশের বিভিন্ন ক্যাম্পাসে৷”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “সরকারকে বলব, প্রতিটি ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবিলম্বে ছাত্রদলের সন্ত্রাসের লাগাম টেনে ধরুন। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন৷ অন্যথায় ছাত্রসমাজ ফুঁসে উঠলে সামলাতে পারবেন না।”