...|...|...

সারাদেশ

ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের ৩ দিনের রিমান্ড

নাটোর প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, রাত ১০:৩৪
Shares
ছাত্রদল নেতা শাকিল হত্যা মামলায় এমপির ছেলের ৩ দিনের রিমান্ড

নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু।

নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের কোর্ট ইন্সপেক্টর আসমাউল হক।

এর আগে, শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সোমবার রাতে নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। সে সময় বিষয়টি জানিয়েছিলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম।

গত ১৪ অক্টোবর রাত ১০টার দিকে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন শাকিল। ১২ দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার পিজি হাসপাতালে তার মৃত্যু হয়।

শাকিল গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারিপাড়া মহল্লার রবিউল করিম মিস্ত্রির ছেলে। তিনি গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, শাকিল হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে গ্রেফতার করে আদালতে তোলা হয়, বিজ্ঞ আদালতের কাছে দশ দিনের রিমান্ড আবেদন করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর রাতে হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে চাঁচকৈড় বাজারপাড়া সড়কে পৌর বিএনপির আহ্বায়ক দুলাল সরকারের বাড়ির কাছে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলিও ছোড়ে। শাকিল পালানোর চেষ্টা করলে শহিদা জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ওই রাতেই চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরদিন উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার রাতে মারা যান শাকিল।

সোমবার রাতে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ১৯ অক্টোবর শাকিলের বাবা রবিউল করিম থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের শনাক্ত করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না।

এদিকে, শাকিলের মৃত্যুর খবরে তার পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।