...|...|...

খেলা

চোটের পর ডেঙ্গুর হানায় হাসপাতালে নাহিদ রানা, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফর

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, দুপুর ১:০১
Shares
চোটের পর ডেঙ্গুর হানায় হাসপাতালে নাহিদ রানা, অনিশ্চিত দক্ষিণ আফ্রিকা সফর

নাহিদ রানা। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তবে সেই অপেক্ষা আরও দীর্ঘ হলো। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই পেসার। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা হচ্ছে না।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় নাহিদ রানাকে। তার ডেঙ্গু শনাক্ত হওয়ার পাশাপাশি রক্তে প্লাটিলেটের মাত্রাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাহিদের শারীরিক অবস্থা সম্পর্কে বিসিবির ওই কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘সে (নাহিদ) এভারকেয়ারে ভর্তি আছে এবং তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ লাগবে। কারণ ডেঙ্গু হলে শরীর খুব দুর্বল হয়ে পড়ে।’

চোটের কারণে এমনিতেই দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নাহিদ। গত জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে সাইড স্ট্রেইনের চোটে পড়েন তিনি। এর ফলে অস্ট্রেলিয়া সফর, এশিয়ান গেমস এবং আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তার।

পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই নিতম্বের পেশিতে নতুন করে চোট পান এই পেসার। পরে ল্যাব্রামের সমস্যার কারণে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকেও ছিটকে যান তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম শেষে দেশে ফেরেন নাহিদ। তাকে নিয়ে আশাবাদী ছিলেন জাতীয় দলের নির্বাচকেরাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছিল তার।

কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় সেই সম্ভাবনাও আপাতত শেষ হয়ে গেল। চিকিৎসকেরা সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছেন।

আগামী ১০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা। নাহিদকে ছাড়াই এখন সিরিজের পরিকল্পনা সাজাতে হবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে।