...|...|...

সারাদেশ

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, মেয়ের মমতার দৃশ্য হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের

অপূর্ব বাড়ৈ, বরিশাল
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৮ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:০৯
Shares
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, মেয়ের মমতার দৃশ্য হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের

খুঁটির সাথে বাঁধা বাবা। চারপাশে মানুষের ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো ছোট্ট মেয়েটি। বাজারের দোকান থেকে কিনে আনল রুটি আর চা। এরপর নিজের হাতে বাবাকে খাওয়াল সে। বাবা-মেয়ের এমন দৃশ্য উপস্থিত মানুষের হৃদয় ছুঁয়ে যায়। পরে সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে বাজারের একটি খুঁটির সাথে বেঁধে রাখা হয়।

বাবাকে আটকে রাখার খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে ছুটে আসে তার ছোট্ট মেয়ে। বাবাকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে সে বাজারের একটি দোকান থেকে রুটি ও চা কিনে আনে। এরপর নিজের হাতে বাবার মুখে তুলে দেয় খাবার।

ঘটনাটি দেখে স্থানীয় এক যুবক মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা ছড়িয়ে পড়ে। ভিডিওতে মেয়েটিকে বাবার মুখে রুটি তুলে দিতে দেখা যায়। ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাবাকে খুঁটির সাথে বাঁধা অবস্থায় দেখে মেয়েটি ছুটে আসে। পরে রুটি ও চা এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। দৃশ্যটি দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের ভাষ্য, চুরির অভিযোগের বিষয়টি আইনগতভাবেই নিষ্পত্তি হওয়া উচিত। তবে বাবার প্রতি মেয়েটির মমতার দৃশ্যটি ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

এদিকে খবর পেয়ে উজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও বাজার কমিটি অনিক সরদারের কাছ থেকে একটি মুচলেকা নিয়ে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক বলেন, ‘চুরির অভিযোগে এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটকে রেখেছেন এমন খবর পাওয়ার পর সেখানে পুলিশের একটি টহল দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা মুচলেকা নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ছেড়ে দেন বলে আমরা জানতে পেরেছি।