...|...|...

বিশ্ব

চীনে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:৪২
Shares
চীনে পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

ছবি: সংগৃহীত

পূর্ব চীনের কিংদাও বন্দরে নোঙর করা একটি পণ্যবাহী (কার্গো) জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১৯০ মিটার দীর্ঘ লাইবেরিয়ার পতাকাবাহী ‘ওশান মেলোডি’ নামের ওই জাহাজে ৪২ জন ক্রু অবস্থান করছিলেন। এর মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, যাদের ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।

শানডং প্রদেশের কিংদাও শহরের একটি শিপইয়ার্ডে জাহাজটিতে মেরামতের কাজ চলার সময় স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। প্রায় তিন ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন উদ্ধারকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়।

দুর্ঘটনার পর নিখোঁজদের রক্ষায় সর্বাত্মক উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। অন্যদিকে, উদ্ধারকাজ পরিচালনার পাশাপাশি নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী লি কিয়াং।

সামুদ্রিক যান ট্র্যাকিং ওয়েবসাইট ‘মেরিন ট্রাফিক’ জানিয়েছে, ৩১ আগস্ট জাহাজটি ওই বন্দরে পৌঁছেছিল। এর আগে মাত্র এক মাস আগে চীনের ফুজিয়ান প্রদেশের একটি শিপইয়ার্ডে বিস্ফোরণে ১ জন নিহত ও ১২ জন আহত হয়েছিলেন।