...|...|...

বিশ্ব

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি, কে এই জিশান আলী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, সকাল ৮:৫৫
Shares
চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি, কে এই জিশান আলী

ছবি: সংগৃহীত

চীনের মহাকাশ অভিযানে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথমবারের মতো কোনো বিদেশি নভোচারী যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করেছে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান। প্রায় এক সপ্তাহের এ অভিযানে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) চীনের গোবি মরুভূমির জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জিশান আলীর সাথে রয়েছেন চীনের দুই নভোচারী তাং হংবো ও উ ই। তাদের গন্তব্য চীনের তিয়াংগং মহাকাশ স্টেশন।

মহাকাশযানটির কমান্ডারের দায়িত্বে রয়েছেন তাং হংবো। উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার এবং পাকিস্তানের জিশান আলী পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অভিযানের মধ্য দিয়ে চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে প্রবেশ করতে যাচ্ছেন জিশান।

মহাকাশে চলবে যেসব গবেষণা

তিয়াংগং মহাকাশ স্টেশনে অবস্থানকালে নভোচারীরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষা ও প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনা করবেন। গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে প্রাণবিজ্ঞান, মহাকাশ চিকিৎসাবিজ্ঞান এবং দহনপ্রক্রিয়া।

মহাকাশের পরিবেশ মানুষের রক্তনালির বয়সজনিত পরিবর্তনে কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়েও পরীক্ষা চালানো হবে। এ গবেষণার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের শারীরিক পরিবর্তন প্রতিরোধ ও চিকিৎসার নতুন পদ্ধতি খুঁজে পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।

জিশান আলীর গবেষণার অন্যতম বিষয় ব্যাকটেরিয়ার সালোকসংশ্লেষণ প্রক্রিয়া। এ ছাড়া মহাকাশের বিকিরণ ও মাইক্রোগ্র্যাভিটি বা অতি কম মাধ্যাকর্ষণ পরিবেশ কুইনোয়া বীজের ওপর কী প্রভাব ফেলে, সেটিও পরীক্ষা করে দেখবেন তিনি।

অভিযান শেষে জিশান আলীর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফেরার কথা রয়েছে। অন্যদিকে তাং হংবো ও উ ই তিয়াংগং মহাকাশ স্টেশনে ছয় মাসের দায়িত্ব পালন করবেন। সেখানে তাদের সঙ্গে থাকবেন শেনঝৌ-২৩ অভিযানের নভোচারী ঝু ইয়াংঝু।

দীর্ঘ সময় মহাকাশে অবস্থানের ফলে মানবদেহ কীভাবে প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়, তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন ঝু ইয়াংঝু।