...|...|...

বিশ্ব

চীনের ডেটা সেন্টারে এনভিডিয়ার নিষিদ্ধ এআই চিপ, কীভাবে পৌঁছাল?

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, রাত ১:৫১
Shares
চীনের ডেটা সেন্টারে এনভিডিয়ার নিষিদ্ধ এআই চিপ, কীভাবে পৌঁছাল?

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তিতে চীনের অগ্রযাত্রা ঠেকাতে উন্নত চিপ রফতানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তবে সেই বিধিনিষেধের কার্যকারিতা নিয়েই এবার বড় প্রশ্ন উঠেছে। চীনের সাংহাইয়ের একটি ডেটা সেন্টারে সন্ধান মিলেছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার অত্যাধুনিক ব্ল্যাকওয়েল সিরিজের এআই চিপের।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সরকারি নথিতে এসব চিপের উপস্থিতির তথ্য উঠে এসেছে। শুধু ডেটা সেন্টারে ব্যবহারের জন্যই নয়, চীনা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে জামানত হিসেবেও ব্যবহার করা হয়েছে রফতানি নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব চিপ।

শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত ব্লুমবার্গের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা এসব তথ্য নতুন করে আলোচনায় এনেছে এনভিডিয়ার রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চীনে উন্নত মার্কিন প্রযুক্তি সরবরাহের সাথে জড়িত প্রতিষ্ঠানগুলোর ভূমিকা।

ঋণের নথিতে মিলল নিষিদ্ধ চিপের সন্ধান

সাংহাইয়ের ‘ইয়াংজি রিভার ডেল্টা প্রজেক্ট’ নামের ডেটা সেন্টারে এনভিডিয়ার ব্ল্যাকওয়েল চিপনির্ভর দুটি অত্যাধুনিক কম্পিউটিং সিস্টেমের সন্ধান পাওয়া গেছে।

চীনের নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া নথি অনুযায়ী, সাংহাই শুওইয়াও নামের একটি প্রতিষ্ঠান এনভিডিয়ার জিবি৩০০ এনভিএল৭২ কম্পিউটিং সিস্টেম জামানত রেখে সাংহাই ইনোভেশন ব্যাংক থেকে ৯ কোটি ৬০ লাখ ইউয়ান ঋণ নিয়েছে।

একই ডেটা সেন্টারে জিবি২০০ মডেলের সার্ভারের উপস্থিতির তথ্য জানিয়েছে সাংহাই কেঝান নামের আরেকটি প্রতিষ্ঠান। ২০২৫ সালের শেষ দিকে স্থানীয় সরকারের মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৯ কোটি ইউয়ান ঋণ নেওয়ার নথিতে ওই সার্ভারের উল্লেখ রয়েছে।

দুই প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ সব মিলিয়ে ১৮ কোটি ৬০ লাখ ইউয়ান।

কেন এত গুরুত্বপূর্ণ ব্ল্যাকওয়েল চিপ?

বৃহৎ এআই মডেলের প্রশিক্ষণ, জটিল তথ্য বিশ্লেষণ ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের জন্য এনভিডিয়ার ব্ল্যাকওয়েল সিরিজের চিপ বিশেষভাবে তৈরি করা হয়েছে।

জিবি৩০০ এনভিএল৭২ সিস্টেমে রয়েছে ৭২টি ব্ল্যাকওয়েল আলট্রা জিপিইউ ও ৩৬টি গ্রেস প্রসেসর। একেকটি সিস্টেমের ওজন দেড় হাজার কেজির বেশি হতে পারে।

ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো বিশ্বের শীর্ষ এআই প্রতিষ্ঠানগুলো অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল তৈরিতে ব্ল্যাকওয়েল প্রযুক্তি ব্যবহার করে।

যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি ছাড়া এসব চিপ চীনে রফতানির সুযোগ নেই। 

আলোচনায় অ্যালিস হুয়াং ও মেগাস্পিড

সাংহাইয়ের এই ডেটা সেন্টারের সাথে ব্যবসায়ী অ্যালিস হুয়াং ও সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সংশ্লিষ্টতা রয়েছে।

চীনে এনভিডিয়ার উন্নত চিপ সরবরাহে অনিয়মের অভিযোগে মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে মার্কিন কর্তৃপক্ষ। সম্প্রতি প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক কালো তালিকায়ও অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

সাংহাই শুওইয়াও কর্তৃপক্ষ স্বীকার করেছে, তারা মেগাস্পিডকে সেবা প্রদান করে। তবে প্রতিষ্ঠান দুটির সম্পর্ক সাধারণ বাণিজ্যিক সহযোগিতার মধ্যেই সীমাবদ্ধ বলে দাবি করেছে তারা।

মেগাস্পিডও কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। প্রতিষ্ঠানটি সরাসরি এসব চিপ চীনে পাঠিয়েছে, এমন প্রমাণ পায়নি ব্লুমবার্গ।

কীভাবে চীনে পৌঁছাল এসব চিপ?

ব্লুমবার্গের অনুসন্ধানে জিবি৩০০ সিস্টেমটির নির্মাতা হিসেবে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গিগাবাইটের নাম উঠে এসেছে। তবে যন্ত্রটি প্রথম কোন প্রতিষ্ঠান কিনেছিল কিংবা কবে বিক্রি করা হয়েছিল, সে বিষয়ে তথ্য দিতে রাজি হয়নি গিগাবাইট।

প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত আইন ও বিধিনিষেধ মেনেই তারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে।

অন্যদিকে বিষয়টি নিয়ে এনভিডিয়ার কাছে জানতে চাইলেও ব্লুমবার্গ কোনো জবাব পায়নি।

ফলে অত্যাধুনিক এসব কম্পিউটিং সিস্টেম কীভাবে চীনে পৌঁছেছে, কারা এর সরবরাহে জড়িত ছিল এবং রফতানি নিয়ন্ত্রণ ব্যবস্থা কীভাবে অতিক্রম করা হয়েছে- এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।

প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতায় সেমিকন্ডাক্টর এখন অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। উন্নত চিপের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এআই প্রযুক্তিতে নিজেদের আধিপত্য ধরে রাখতে চায় ওয়াশিংটন।

তবে চীনের একটি ডেটা সেন্টারে রফতানি নিয়ন্ত্রণের আওতায় থাকা এসব চিপের উপস্থিতি দেখিয়ে দিচ্ছে, শুধু বিধিনিষেধ আরোপ করাই যথেষ্ট নয়। আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার ওপর কার্যকর নজরদারিও গুরুত্বপূর্ণ।

সাংহাইয়ের ডেটা সেন্টারে ঠিক কতসংখ্যক উন্নত চিপ রয়েছে, তা এখনো জানা যায়নি। ঋণ গ্রহণের জন্য জমা দেওয়া নথিতে কেবল জামানত হিসেবে ব্যবহৃত যন্ত্রপাতির তথ্য রয়েছে, পুরো ডেটা সেন্টারের নয়।

সূত্র: ব্লুমবার্গ, রয়টার্স ও আনাদোলু এজেন্সি।