চায়ের দোকান। সামনে নিয়মিত আড্ডা, আশপাশে মানুষের চলাচল। তবে সেই দোকানেই মিলেছে ইয়াবা। ফরিদপুরের বোয়ালমারীতে একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পর বাবা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বোয়ালমারী পৌর সদরের চৌরাস্তার স্বাধীনতা স্তম্ভ চত্বরসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-পৌরসভার সোতাশী গ্রামের মো. নান্নু বিশ্বাস ও তার মেয়ে সুরাইয়া বেগম (২৫)।
পুলিশের দাবি, নান্নু বিশ্বাসের চায়ের দোকানকে ঘিরে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দোকানে তল্লাশি চালিয়ে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নান্নু বিশ্বাস ও তার মেয়েকে গ্রেফতার করে পুলিশ।
এ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নান্নু বিশ্বাসকে মাদক কারবারের সাথে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত একটি মামলা রয়েছে। এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও এলাকায় মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নান্নু বিশ্বাসের চায়ের দোকান থেকে ৪৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ বিচারিক আদালতে পাঠানো হয়।
তবে এই মাদক কারবারের সাথে আরও কেউ জড়িত রয়েছে কি না, কিংবা ইয়াবাগুলো কোথা থেকে আনা হয়েছিল-এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

