...|...|...

অর্থনীতি

চাল-চিনি-তেলে বাড়ছে অনিশ্চয়তা, সতর্ক করল জাতিসংঘ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, সকাল ৯:০৪
Shares
চাল-চিনি-তেলে বাড়ছে অনিশ্চয়তা, সতর্ক করল জাতিসংঘ

ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে চাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। সংস্থাটির পূর্বাভাস, উৎপাদন ও চাহিদার ব্যবধান সংকুচিত হওয়ায় এসব পণ্যের বাজারে চাপ বাড়তে পারে। বিশেষ করে চালের উৎপাদন হ্রাস, চিনির সম্ভাব্য ঘাটতি এবং জৈব জ্বালানি উৎপাদনে উদ্ভিজ্জ তেলের ব্যবহার বৃদ্ধি নতুন উদ্বেগ তৈরি করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত এফএওর সর্বশেষ ‘ফুড আউটলুক’ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে চালের উৎপাদন আগের চার মৌসুমের মধ্যে প্রথমবারের মতো কমতে পারে। এ সময় উৎপাদন দাঁড়াতে পারে ৫৫ কোটি ২০ লাখ টনে, যা আগের মৌসুমের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম।

এফএওর বিশ্লেষণ অনুযায়ী, উৎপাদন খরচ বৃদ্ধি, কৃষকদের মুনাফা কমে যাওয়া এবং এল নিনোর প্রভাবে প্রতিকূল আবহাওয়া চাল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে আগের মৌসুমের উদ্বৃত্ত মজুতের কারণে বিশ্বে চালের মোট মজুত দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডে থাকার সম্ভাবনা রয়েছে।

চিনির বাজারেও দেখা দিতে পারে সরবরাহ ঘাটতি। এফএওর পূর্বাভাস বলছে, ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে চিনির উৎপাদন বৈশ্বিক চাহিদার তুলনায় কম হতে পারে। ব্রাজিল, ভারত ও থাইল্যান্ডের উৎপাদন নিয়ে অনিশ্চয়তা এ পরিস্থিতির অন্যতম কারণ। এর প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারেও। কয়েক মাস ধরে বাড়ছে চিনির দাম।

ভোজ্যতেলের বাজারে পরিস্থিতি কিছুটা ভিন্ন। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে তেলবীজের উৎপাদন রেকর্ড পরিমাণে পৌঁছাতে পারে। তবে জৈব জ্বালানি তৈরিতে উদ্ভিজ্জ তেলের ব্যবহার বাড়তে থাকায় সরবরাহের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। ফলে উৎপাদন বাড়লেও বিশ্ববাজারে ভোজ্যতেলের মজুত আরও কমে যাওয়ার আশঙ্কা করছে এফএও।

তবে সব ধরনের খাদ্যশস্যের সরবরাহ নিয়ে উদ্বেগ নেই। এফএওর পূর্বাভাস অনুযায়ী, গম ও ভুট্টার মতো শস্যের সরবরাহ পরিস্থিতি তুলনামূলক স্বস্তিদায়ক থাকতে পারে। ২০২৬-২৭ মৌসুমে বিশ্বে শস্যের মজুত ১ দশমিক ৮ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রাশিয়া ও ইউক্রেনে গমের মজুত বাড়তে পারে।

এদিকে ২০২৬ সালে বিশ্বে খাদ্য আমদানিতে মোট ব্যয় ২ লাখ ২৬ হাজার ৭০০ কোটি ডলারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে এফএও। আগের বছরের তুলনায় এ ব্যয় বাড়তে পারে ১ দশমিক ৯ শতাংশ। যদিও ২০২৫ সালে খাদ্য আমদানি ব্যয় বৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ।