ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বা ড্রোন বহরে যুক্ত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সাথে সমন্বয় করে এসব ড্রোন পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
মার্কিন সিনেটের এক শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এ পরিকল্পনার কথা জানান। নতুন এই চালকবিহীন যুদ্ধবিমানগুলোর নাম দেওয়া হয়েছে ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ)।
তুলনামূলক কম খরচে তৈরি এসব ড্রোন বিমানবাহী রণতরীর আক্রমণক্ষমতা ও কার্যপরিধি বাড়াতে ভূমিকা রাখবে। পাইলটচালিত যুদ্ধবিমানের সাথে সমন্বয় করে ঝুঁকিপূর্ণ সামরিক অভিযানে অংশ নেওয়ার উপযোগী করে এগুলো তৈরি করা হচ্ছে।
২০২৫ সালে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে এই ড্রোনের নকশা তৈরির কাজে যুক্ত করা হয়। এর আগে বিমানবাহী রণতরীর জন্য পরিকল্পিত ‘এমকিউ-২৫ স্টিংরে’ ড্রোনের মূল কাজ ছিল আকাশে জ্বালানি সরবরাহ। তবে নতুন সিসিএ ড্রোনগুলো সরাসরি যুদ্ধেও অংশ নিতে পারবে।
এদিকে মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পসের মধ্যে সমন্বিত নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ চলছে। এর আওতায় এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর ড্রোনও পরিচালনা করতে পারবেন।
২০২৪ সালের ডিসেম্বরে চীন যুক্তরাষ্ট্রের আগেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করে। এরপর নিজেদের আকাশপথের সামরিক সক্ষমতা ধরে রাখতে যুক্তরাষ্ট্রের তৎপরতা বাড়ে। দেশটির ‘এফ/এ-এক্সএক্স’ এবং বিমানবাহিনীর ‘এফ-৪৭’ এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে না পৌঁছানোয় বিকল্প সক্ষমতা হিসেবে চালকবিহীন যুদ্ধবিমান দ্রুত বহরে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সূত্র: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন


