রাডার ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের অস্থিতিশীলতার কারণে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রজুড়ে আবার বিমান চলাচল শুরু হয়েছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে উড্ডয়ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।
এর আগে বিকেল ৩টা ৩৬ মিনিটের দিকে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে সমস্যা দেখা দিলে সব উড্ডয়নকারী ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় এফএএ।
রয়টার্স ও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, রাউটারগুলো থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করেছিল। অতিরিক্ত তথ্যের চাপে সিস্টেম অস্থিতিশীল হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া ডেটায় ত্রুটি দেখা দেয়।
ডাফি বলেন, রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র এবং টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল বা ট্র্যাকন ব্যবস্থাও সচল হয়েছে।
তবে তিনি সতর্ক করেছেন, কয়েক ঘণ্টার এই বিপর্যয়ের প্রভাব পুরোপুরি কাটতে আরও সময় লাগবে। আগামী কয়েক দিন বিমান চলাচলে এর প্রভাব থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সপ্তাহান্তের ফ্লাইট সূচিও নতুন করে পর্যালোচনা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বর্তমান বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থাকে ‘অত্যন্ত পুরোনো’ বলেও উল্লেখ করেন ডাফি। তার ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপ সামলাতে না পেরে রাউটারগুলো অস্থিতিশীল হয়ে পড়ে।
এই ব্যবস্থার আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উভয় কক্ষেই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ রয়েছে।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন জানিয়েছেন, দেশজুড়ে ফ্লাইট বন্ধের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক সময়ে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় যে বিভ্রাট দেখা গেছে, তার সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র নেই।


