হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীলের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মাত্র ৩ বছর ৩ মাস বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
দ্বীপ বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের একমাত্র ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটের দিকে দ্বীপকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনেরা। এরপর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে দুপুর ২টা ৩৫ মিনিটে বাড়ির পাশের পুকুরে তার লাশ পাওয়া যায়।
দ্বীপের কাকা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি কনটেন্ট তৈরি করেন। কয়েক মাস ধরে কাকার সাথে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিত দ্বীপ। এসব ভিডিওর মাধ্যমে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পায় শিশুটি। ভিডিওতে তার উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত আচরণ দর্শকদের নজর কেড়েছিল।
দ্বীপের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পেজে প্রকাশ করেন কাকা বিপ্লব শীল। খবরটি ছড়িয়ে পড়ার পর সেখানে শোক প্রকাশ করেন অসংখ্য মানুষ। ছোট্ট দ্বীপের সাথে কাটানো স্মৃতি ও তার প্রতি ভালোবাসার কথা জানিয়ে মন্তব্য করেন অনেকে।
মাত্র তিন বছর বয়সেই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের ভালোবাসা পাওয়া শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।


