...|...|...

সারাদেশ

চাঁদা না পেয়ে মুদি দোকানির বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, রাত ২:৪২
Shares
চাঁদা না পেয়ে মুদি দোকানির বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকায় এক মুদি দোকানির বসতবাড়িতে হামলা, ইট-পাটকেল নিক্ষেপ ও প্রধান ফটক ভাঙচুরের অভিযোগ উঠেছে কয়েকজন দুর্বৃত্তের  বিরুদ্ধে। আর্থিক দাবি পূরণ না করায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। একইসাথে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন ওই নারী।

ভুক্তভোগী মনোয়ারা (৪১) গত ৩০ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডির আবেদন সূত্রে জানা যায়, মনোয়ারা গত ১০ বছর ধরে রৌফাবাদ পাহাড়িকা আবাসিক এলাকার ১৮ নম্বর রোডে ‘শাহিন স্টোর’ নামে একটি মুদি দোকান পরিচালনা করছেন। গত ২৯ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে ফাহিম (২২), শাহাদাত হোসেন (২১), শাকিল (২০) ও তাদের সাথে থাকা অজ্ঞাতনামা কয়েকজন দোকানের সামনে গিয়ে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করেন বলে অভিযোগ করেন তিনি।

মনোয়ারার অভিযোগ, ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তার বসতবাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ক্ষতিসাধন করেন তারা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে চলে যান।

জিডিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তাদের আর্থিক দাবি পূরণ না করলে এবং এ ঘটনায় পুলিশকে জানালে বিভিন্ন ধরনের ক্ষতিসাধন ও প্রাণনাশের হুমকি দেন। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মনোয়ারা।

ভুক্তভোগীর দাবি, দীর্ঘ ১০ বছর ধরে এলাকায় ব্যবসা পরিচালনা করলেও এর আগে তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি। রাতে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন তারা।

এ বিষয়ে অভিযোগের দায়িত্বে থাকা বায়েজিদ বোস্তামী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জিউর রহমান বলেন, ‘অভিযোগটি হাতে পেয়েছি। আগামীকাল ঘটনাস্থলে গিয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’