চাঁদপুরে মাদক ও কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৮৭ জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে ১৯৮ পিস ইয়াবাসহ ১১ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক করা হয়েছে ৭৬ জনকে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ১৭ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে। এ ছাড়া কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক করা হয় ১৫ জনকে। তাদের মধ্যে ১২ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাইমচর থানা পুলিশ দুই পিস ইয়াবাসহ একজনকে আটক করে। একই সাথে কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আরও সাতজনকে আটক করা হয়।
ফরিদগঞ্জ থানা পুলিশ ১০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে। এ ছাড়া সিআর পরোয়ানা তামিলের মাধ্যমে আরও দুজনকে আটক করা হয়। একই এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক করা হয়েছে সাতজনকে।
মতলব দক্ষিণ থানা পুলিশ পাঁচজনকে এবং মতলব উত্তর থানা পুলিশ ছয়জনকে আটক করে। পরে তাদের মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।
হাজীগঞ্জ থানা পুলিশ ১৫০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করে। একই থানায় কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক করা হয়েছে ২১ জনকে।
শাহরাস্তি থানা পুলিশ তিন পিস ইয়াবাসহ একজনকে আটক করে। এ ছাড়া আরও ছয়জনকে আটক করা হয়। কচুয়া থানা পুলিশ ১৬ পিস ইয়াবাসহ একজনকে আটকের পাশাপাশি কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আরও নয়জনকে আটক করে।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।
তিনি বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।


