...|...|...

সারাদেশ

চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে খুন দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাই

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ৩ নভেম্বর ২০২৬, রাত ৩:৪১
Shares
চাঁদপুরে ছোট ভাইয়ের হাতে খুন দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাই

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

চাঁদপুর সদরের বাগাদী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই ও তার স্ত্রীর হাতে বড় ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই ও তার স্ত্রী দুজনেই পালিয়ে যায়।  

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে বাগাদীর গাছতলা পাটোয়ারী বাড়ির দিঘীর পাড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শাহাজাহান পাটোয়ারী (৬০) । তিনি ওই এলাকার মৃত বজলুল গনি পাটোয়ারীর ছেলে। তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে আপন দুই ভাই শাহাজাহান পাটোয়ারী ও শাহ আলম পাটোয়ারীর মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় এ বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম (৪০) মিলে বড় ভাই শাহাজাহান পাটোয়ারীকে মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয়দের অভিযোগে জানা যায়। 

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে লাশ থানায় রয়েছে।

ঘটনায় অভিযুক্ত ছোট ভাই শাহ আলম পাটোয়ারী ও তার স্ত্রী হাসিনা বেগম ঘটনার পরপরই পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করতে পারেনি পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঝগড়ার এক পর্যায়ে শাজাহান পাটওয়ারীকে তার ভাই ও তার স্ত্রী মারধর করে ধাক্কা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ধারনা করা হচ্ছে তাৎক্ষনিক তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছে। তাই কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।