নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী চলতি অক্টোবরের বেতনেই বর্ধিত মূল বেতন পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এর জন্য বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। তবে নতুন স্কেল অনুযায়ী বর্ধিত মূল বেতন কার্যকর হলেও ভাতা প্রদান আপাতত আগের হারেই বহাল থাকছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গত ৩০ জুন পর্যন্ত যে হারে ভাতা দেওয়া হতো, সেই অনুযায়ী তারা ভাতা পাবেন।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থা, রাষ্ট্রায়ত্ত এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ভাতা প্রদানের নতুন নিয়মাবলি নির্ধারণ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের নতুন বেতন ও ভাতাদি আদেশে চূড়ান্ত নিয়মাবলী কার্যকর না হওয়া পর্যন্ত পূর্বের মূল বেতনের শতকরা হারেই ভাতা প্রদান করা হবে। উল্লেখ্য, এর আগে গত ১৯ সেপ্টেম্বর নতুন বেতন ও ভাতাদি আদেশের প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। তবে নতুন কাঠামো অনুযায়ী ভাতা প্রদানের বিষয়টি পরে বাস্তবায়ন করার সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।
ঘোষিত নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, সরকারি কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যদিও গত ১ জুলাই থেকে নতুন এই কাঠামো কার্যকর ধরার কথা বলা হয়েছে, তবে বর্ধিত বেতন ও ভাতা একবারে বাস্তবায়ন না করে দুই অর্থবছরে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নিয়েছে সরকার।
বাস্তবায়নের ধাপসমূহ:
প্রথম ধাপ: ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
দ্বিতীয় ধাপ: ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত।
তৃতীয় ধাপ: ১ জুলাই ২০২৭ থেকে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
ভাতা বাস্তবায়ন: নতুন কাঠামো অনুযায়ী সার্বিক ভাতা কার্যকর করা হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
এদিকে নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন নির্ধারণের (Pay Fixation) কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে। এজন্য গত ৫ অক্টোবর থেকে সরকারের আইবাস++ (iBAS++) ব্যবস্থার বিশেষ অপশনে প্রয়োজনীয় তথ্য আপলোড করছেন কর্মচারীরা, যা আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি মাসের বেতন ভাউচার তৈরির সময়েই সরকারি কর্মচারীরা নতুন হারে বর্ধিত মূল বেতন পাবেন।


