চট্টগ্রাম মহানগরীর খালের দুই পাড়ে হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি নগরবাসীর চলাচল, শরীরচর্চা ও বিনোদনের সুযোগ বাড়াতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে নগরীর টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কার্যালয়ে জলাবদ্ধতা নিরসনে করণীয় নির্ধারণে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বিচ্ছিন্নভাবে ছোট ছোট প্রকল্প বাস্তবায়নের পরিবর্তে সামষ্টিক পরিকল্পনা গ্রহণ করতে হবে। চলমান প্রকল্পগুলোর সমন্বিত বাস্তবায়ন এবং অসমাপ্ত কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্ব দিতে হবে। এ জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
তিনি বলেন, নগরীর বড় খালগুলোর উন্নয়নের পাশাপাশি খালের দুই পাড়ে মানুষের হাঁটার উপযোগী পথ নির্মাণ করা হবে। যেখানে সুযোগ রয়েছে, সেখানে সাইকেল ট্র্যাক নির্মাণের বিষয়টিও চলমান ও ভবিষ্যৎ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব অবকাঠামো গড়ে তুলে চট্টগ্রামকে আরও বাসযোগ্য নগরীতে পরিণত করতে হবে।
সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, নগরীর নালা-খাল পরিষ্কার ও জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সাথে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে। বর্ষার আগে নালা ও খালের উন্নয়ন ও পরিষ্কার কার্যক্রমের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়ায় তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রীকে ধন্যবাদ জানান।
মেয়র বলেন, চট্টগ্রাম মহানগরীতে ১৩০টি খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে কয়েকটি খালের উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং আরও ৪১টি খাল উন্নয়নের জন্য প্রকল্প প্রণয়নের কাজ চলছে। খালগুলোর উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে জলাবদ্ধতামুক্ত, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব চট্টগ্রাম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিমানবন্দর এলাকায় ২ দশমিক ২ কিলোমিটারের বেশি দীর্ঘ সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে, যা দেশের প্রথম সাইকেল ট্র্যাক হিসেবে উল্লেখ করেন তিনি। ভবিষ্যতে খালকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পের সাথেও হাঁটার পথ ও সাইকেল ট্র্যাক যুক্ত করার পরিকল্পনা রয়েছে।


