নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুমন্ত অবস্থায় শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় দগ্ধ ১৩ বছরের কিশোরী আফরিন আক্তার আর নেই। দীর্ঘ ৪৯ দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার বিকেলে শেষনিশ্বাস ত্যাগ করেছে সে।
গত ২৫ সেপ্টেম্বর জমিসংক্রান্ত বিরোধের জেরে আফরিনের শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে তার মামি সোনিয়া আক্তারের বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে প্রায় এক মাস চিকিৎসা চলে। পরে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আফরিনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া এলাকায়। তার মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আফরিনের মা রওশন আরার সাথে তার ছোট ভাই জাকির হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রওশন আরার অভিযোগ, তার ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় তাদের প্রাণনাশের হুমকি দিতেন।
পরিবারের সদস্যদের দাবি, গত ২৫ সেপ্টেম্বর দুপুরে রওশন আরা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। ওই সময় ঘরে একা ঘুমিয়ে ছিল আফরিন। অভিযোগ রয়েছে, এই সুযোগে তার ঘরে প্রবেশ করে শরীরে গরম পানি ঢেলে দেন মামি সোনিয়া আক্তার। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে যায়। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
এ ঘটনায় আফরিনের মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিন আসামি বর্তমানে কারাগারে রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, কিশোরীর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। আফরিনের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। পাশাপাশি অন্য আসামিদের গ্রেফতারে দ্রুত অভিযান চালানো হবে।
আফরিনের মা রওশন আরা জানান, জমিজমার বিরোধের পাশাপাশি একটি মুঠোফোন হারানোকে কেন্দ্র করেও তার ভাই জাকির ও ভাবি সোনিয়ার সাথে তাদের পরিবারের বিরোধ তৈরি হয়েছিল। তার অভিযোগ, এসব বিরোধের জের ধরেই মেয়ের ওপর এমন নির্মম ঘটনা ঘটানো হয়।
মেয়েকে হারিয়ে শোকাহত রওশন আরা এ ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।



