...|...|...

সারাদেশ

গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৩০
Shares
গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের

গ্রিসের এথেন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নবীগঞ্জের যুবক সিজানের। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সিজান মিয়া (৩৫) নামে এক প্রবাসী যুবক গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ছুটি কাটিয়ে দেশে থেকে গ্রিসে ফেরার এক সপ্তাহের মধ্যে তার মৃত্যুর খবর পায় পরিবার। তার আট বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহত সিজান মিয়া নবীগঞ্জ উপজেলার ১০ নম্বর দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। জীবিকার সন্ধানে ২০১৯ সালে তিনি গ্রিসে যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ছুটি কাটাতে দেশে এসেছিলেন সিজান। ছুটি শেষে গত ৩ অক্টোবর গ্রিসের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তিনি। পরদিন ৪ অক্টোবর পরিবারের সদস্যদের সাথে তার সর্বশেষ কথা হয়। তখন তিনি গ্রিসে পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকে তার সাথে পরিবারের আর যোগাযোগ হয়নি।

পরিবারের সদস্যদের পাশাপাশি গ্রিসে থাকা তার পরিচিত ব্যক্তিরাও ৪ অক্টোবরের পর থেকে সিজানের সাথে যোগাযোগ করতে পারেননি। পরে গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারেন পরিবারের সদস্যরা।

তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে দূতাবাসের সাথে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ ও পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছেন স্বজনেরা।

সিজানের চাচাতো ভাই ইসমাইল জানান, গ্রিসে থাকা পরিচিত ব্যক্তিদের কাছ থেকে তারা তার মৃত্যুর খবর পেয়েছেন। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য দূতাবাস থেকে জানা যেতে পারে বলে তারা আশা করছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল সালাম বলেন, সিজানের মৃত্যুর খবর শুনেছেন তারা। এ ঘটনায় তারা শোকাহত। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে দূতাবাস সূত্রে জানা গেছে, সিজানের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়া হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সিজানের মৃত্যুর খবরে বৈঠাখাল গ্রাম ও তার স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। আট বছর বয়সী ছেলেকে রেখে তার চলে যাওয়ায় শোকাহত পরিবারের সদস্যরা।