সড়কপরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, নিম্নমানের কাজ করার চেয়ে রেলকোচ সংস্কারের কাজ বন্ধ করে দেওয়াই ভালো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় কোচ সংস্কারের মান দেখে তিনি চরম ক্ষোভ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দেশের বৃহত্তম এই কারখানা পরিদর্শনে গিয়ে রেলকোচের জানালা সংস্কারের কাজ সরেজমিনে দেখেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, এত বড় একটি কারখানায় সংস্কারকাজের মান এতটা নিম্নমানের, তা নিজে না এলে বোঝা যেত না। এমন কাজ দেখে কর্মকর্তা ও শ্রমিকদের যোগ্যতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে।
পরিদর্শনকালে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদের উদ্দেশে মন্ত্রী বলেন, জানালা সংস্কারের যে কাজ এখানে হচ্ছে, তার চেয়ে অনেক ভালো কাজ যেকোনো ছোট ওয়ার্কশপেও সম্ভব। তিনি প্রশ্ন তোলেন, নিজের বাড়ির জানালা হলে কি এভাবে অবহেলায় কাজ করা হতো?
মন্ত্রী কারখানার বিভিন্ন উপকারখানা ঘুরে দেখেন। যাত্রীসেবার মান বাড়াতে সংস্কারকাজে ব্যবহৃত সামগ্রী ও কাজের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব ও মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) হাবিবুল হাসান রুমি। উপস্থিত ছিলেন কারখানার কর্মব্যবস্থাপক এম মমতাজুল ইসলাম, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবীর, সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমাসহ রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে পশ্চিমাঞ্চল ও কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা।


