ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ১ হাজার ৮৭৯টি অভিযান চালিয়ে ৯৫০ যোদ্ধাকে হত্যার দাবি করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। এসব অভিযানে হুথিদের ৩৮০টি সামরিক যান ধ্বংস বা অকেজো করা হয়েছে বলেও জানিয়েছে সরকারি বাহিনী।
সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বল হয়, ইয়েমেনের চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন রণাঙ্গনে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছেন সামরিক মুখপাত্র কর্নেল মজিদ আল-নুজাইলি।
তিনি জানান, অভিযানে হুথি বিদ্রোহীদের অবস্থান, কমান্ড সেন্টার, অস্ত্রাগার ও অন্যান্য সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
রাজধানী সানাসহ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে সরকারি বাহিনীর অভিযান জোরদারের মধ্যেই এ তথ্য জানানো হলো।
তবে অভিযানে নিহতের সংখ্যা ও সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।


