গোবিন্দ ও তার ‘রূপা’ সিনেমার সহ-অভিনেত্রী কোমল রানী স্বর্ণকারকে ঘিরে প্রেমের গুঞ্জন যেন থামছেই না। সম্প্রতি মুম্বাইয়ে দুজনকে একসাথে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও বেড়েছে। এবার বিষয়টি নিয়ে সরব হলেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।
গোবিন্দের স্ত্রী সুনিতা আহুজার পক্ষ নিয়ে এক সাক্ষাৎকারে রাখি জানান, পুরো ঘটনায় তিনি ভীষণ ক্ষুব্ধ। মজার ছলে ছোটবেলা থেকে দেখা গোবিন্দের সিনেমার টিকিটের ৬৫ হাজার ৯৯৯ রুপি ফেরতও চান তিনি। রাখির ভাষায়, ৪০ বছর ধরে পাশে থাকা স্ত্রীকে এভাবে কষ্ট দেওয়া ঠিক নয়।
কোমলকে সরাসরি ‘স্বামী চোর’ বলে কটাক্ষ করে রাখি আরও বলেন, অন্যের দাম্পত্য জীবনে হস্তক্ষেপ না করে নিজের কাজ নিয়েই থাকা উচিত। এমনকি গোবিন্দ যদি দীর্ঘদিনের স্ত্রী সুনিতার প্রতিই বিশ্বস্ত না থাকতে পারেন, তবে অন্য কারও প্রতি কতটা বিশ্বস্ত থাকবেন—সেই প্রশ্নও তোলেন তিনি।
রাখি আরও দাবি করেন, গোবিন্দ ও কোমলের সম্ভাব্য বিয়ের পরিকল্পনা নিয়েও তার সাথে সুনিতার কথা হয়েছে। তবে এ বিষয়ে গোবিন্দ বা কোমলের পক্ষ থেকে নিশ্চিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে কেবল রাখিই নন, কাশ্মেরা শাহ ও দিব্যা খোসলার মতো অন্যান্য তারকারাও পরোক্ষভাবে এই বিবাহবহির্ভূত সম্পর্কের সমালোচনা করে মন্তব্য করেছেন।

