গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ২১ আগস্টকে কেন্দ্র করে পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কয়েকজন সক্রিয় নেতাকর্মী সেখানে মিছিল বের করেন।
মিছিল চলাকালে তারা বিভিন্ন ধরনের উসকানিমূলক ও কটূক্তিপূর্ণ স্লোগান দেন। এ সময় মিছিলের কয়েকজন নেতাকর্মী ফেসবুক লাইভ করছিলেন। খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, শারাফত শেখের ছেলে মেহেদী হাসান, মাঝিগাতী এলাকার মো. জাকির শেখের ছেলে রিশাদ শেখ এবং চর সোনাকুড় এলাকার রমজান আলীর ছেলে হৃদয়।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে গ্রেফতার ছয়জনকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম টাইমসটুডেকে বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছয় কর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


