...|...|...

জাতীয়

গোপালগঞ্জে থানা পোড়ানোর বিষয়ে যা বললেন আইজিপি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২৯
Shares
গোপালগঞ্জে থানা পোড়ানোর বিষয়ে যা বললেন আইজিপি

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, ‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন, তাহলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি মনে করেন পুলিশের দরকার নেই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২০ নভেম্বর) গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আলী হোসেন ফকির বলেন, আজ পর্যন্ত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আগামী দিনে তা আরও উন্নত হবে। এখানকার শান্তিপ্রিয় মানুষদের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশৃঙ্খলাকারীদের সংখ্যা খুব বেশি নয়। গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

জেলার দুটি থানা পুড়িয়ে দেওয়ার প্রসঙ্গ টেনে পুলিশপ্রধান বলেন, থানা মূলত সাধারণ মানুষের সেবার জন্যই। ১০ লাখ মানুষের বিপরীতে থানায় পুলিশ থাকে মাত্র ২০ জন। সাধারণ মানুষ যদি আইন মান্যকারী নাগরিক হিসেবে পুলিশকে সার্বিক সহযোগিতা না করেন, তবে পুলিশের পক্ষে একা কাজ করা সম্ভব নয়। তিনি আরও বলেন, ‘আপনারা যদি চান যে পুলিশের দরকার নেই, তাহলে আপনারা যা ইচ্ছা তা-ই করতে পারেন।’

এর আগে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা পরিদর্শনে সকালে গোপালগঞ্জে পৌঁছান আইজিপি। তার সাথে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।

সার্কিট হাউসে গোপালগঞ্জ ও আশপাশের জেলার পুলিশ সুপারদের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন শীর্ষ এই কর্মকর্তারা। বিকেলে তারা ঢাকার উদ্দেশে রওনা হন।