গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের ওই কার্যালয় থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
মো. আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাকে এসআরবিতে বদলি করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তার কথাবার্তা ও অভিব্যক্তিতে থানায় অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া যায়। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।


