গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। তার অভিযোগ, গত কয়েক দিন ধরে জেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের মতো সহিংস কর্মকাণ্ড চালাচ্ছেন। এতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এসব অভিযোগ করেন তিনি।
শরীফ রফিকুজ্জামান বলেন, সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শুধু রাজনৈতিক নেতাকর্মীরাই নন, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
টুঙ্গিপাড়া থানায় হামলার ঘটনা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বুধবার থানায় হামলা চালিয়ে আগুন দেওয়া হয়েছে। এ সময় বিজিবি সদস্যদের মারধর ও হেনস্তা করার পাশাপাশি তাদের ব্যবহৃত গাড়িও ভাঙচুর করা হয়। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেলা বিএনপির এই নেতা।
তিনি বলেন, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড কখনো সুস্থ রাজনৈতিক চর্চার অংশ হতে পারে না। একটি গোষ্ঠী জনগণকে জিম্মি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। গণতান্ত্রিক পরিবেশে এবং গণতান্ত্রিক সরকারের সময়ে এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অতীতের রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে শরীফ রফিকুজ্জামান বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মতান্ত্রিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের সময়ও দেশজুড়ে সহিংসতা চালানো হয়েছিল। সে সময় গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
তার দাবি, অতীতের সেই ঘটনার ধারাবাহিকতায় এবারও নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সহিংসতার পথ বেছে নেওয়া হয়েছে।
জেলার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, পুলিশ ও বিজিবি মোতায়েন থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ফলে জেলার প্রায় ১৫ লাখ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, গোপালগঞ্জের ১৫ লাখ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একইসাথে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা এবং জেলায় শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় সরকার ও প্রশাসনকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।


