...|...|...

ধর্ম

গুজব ও মিথ্যা অপবাদ ছড়ানো নিয়ে কোরআন-হাদিসের কঠোর সতর্কবার্তা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:১০
Shares
গুজব ও মিথ্যা অপবাদ ছড়ানো নিয়ে কোরআন-হাদিসের কঠোর সতর্কবার্তা

ছবি: সংগৃহীত

কারও সম্পর্কে না জেনে মন্তব্য করা, যাচাই ছাড়াই কোনো খবর ছড়িয়ে দেওয়া কিংবা মিথ্যা অভিযোগ তুলে অন্যের সম্মান নষ্ট করা ইসলামের দৃষ্টিতে গুরুতর অন্যায়। এসব কাজ শুধু ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি করে না, সমাজে বিভেদ, অশান্তি ও অবিশ্বাসও তৈরি করে। তাই পবিত্র কোরআন ও হাদিসে গুজব, মিথ্যাচার এবং অপবাদ ছড়ানোর বিষয়ে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বিশেষ করে বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে যেকোনো তথ্য মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষের কাছে পৌঁছে যায়। এতে সত্য তথ্যের পাশাপাশি গুজব ও ভিত্তিহীন অভিযোগও দ্রুত ছড়িয়ে পড়তে পারে। অথচ ইসলামের শিক্ষা হলো, কোনো খবর প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত করা।

সংবাদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে কোরআন

পবিত্র কোরআনে কোনো সংবাদ পাওয়ার পর তা যাচাই করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে দেখো। যাতে অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে হয়।’ (সুরা হুজুরাত: ৬)

এই আয়াতে তথ্যের সত্যতা নিশ্চিত না করে কোনো সিদ্ধান্ত নেওয়া কিংবা অন্যের ক্ষতির কারণ হওয়া থেকে বিরত থাকার শিক্ষা দেওয়া হয়েছে।কারও বিরুদ্ধে অভিযোগ শুনেই তা বিশ্বাস করা বা অন্যদের কাছে ছড়িয়ে দেওয়া উচিত নয়। বরং খবরটির উৎস, সত্যতা এবং সম্ভাব্য পরিণতি বিবেচনা করা জরুরি।

শোনা কথা প্রচার করলেই হতে পারে গুনাহ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) যাচাই ছাড়া শোনা কথা প্রচারের ব্যাপারে বিশেষভাবে সতর্ক করেছেন। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তা-ই বলে বেড়ায়।’ (সহিহ মুসলিম, হাদিস: ৫)

এই হাদিস থেকে বোঝা যায়, কোনো ব্যক্তি নিজে মিথ্যা সংবাদ তৈরি না করলেও যাচাই ছাড়া তা প্রচার করার কারণে মিথ্যা ছড়ানোর সাথে জড়িয়ে পড়তে পারেন।তাই কোনো তথ্য শোনার পর সেটি সত্য কি না নিশ্চিত হওয়ার আগে অন্যের কাছে প্রচার করা থেকে বিরত থাকা প্রয়োজন।

হাসিঠাট্টার জন্য মিথ্যা বলাও নিষিদ্ধ

অনেক সময় মানুষ অন্যকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা ঘটনা তৈরি করেন। আবার কাউকে নিয়ে মনগড়া গল্প ছড়িয়ে সেটিকে নিছক রসিকতা বলে চালিয়ে দেন।

কিন্তু ইসলামে এ ধরনের আচরণও নিরুৎসাহিত করা হয়েছে। হজরত মুআবিয়া ইবনে হায়দা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) এমন ব্যক্তির জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছেন, যে মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা কথা বলে। (সুনানে আবু দাউদ, হাদিস: ৪৯৯০)

অর্থাৎ বিনোদন কিংবা হাসিঠাট্টার উদ্দেশ্য থাকলেও মিথ্যা বলা এবং অন্যকে বিভ্রান্ত করা গ্রহণযোগ্য নয়। বিশেষ করে কারও ব্যক্তিগত জীবন বা সম্মান নিয়ে মিথ্যা রসিকতা করা আরও গুরুতর অন্যায়ের কারণ হতে পারে।

মানুষের সম্মান নষ্ট করা গুরুতর অপরাধ

ইসলামে মানুষের জীবন ও সম্পদের পাশাপাশি তার সম্মানকেও বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) মানুষের জীবন, সম্পদ ও সম্মানের পবিত্রতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ও তোমাদের সম্মান পরস্পরের জন্য পবিত্র।’ (সহিহ বুখারি, হাদিস: ১৭৩৯) এই হাদিসে মানুষের মর্যাদা ও সম্মান রক্ষার গুরুত্ব স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। কাউকে ছোট করা, ভিত্তিহীন অভিযোগ তোলা কিংবা ইচ্ছাকৃতভাবে তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী।

গুজব ও অপবাদ থেকে বাঁচতে করণীয়

গুজব ছড়ানো থেকে নিজেকে রক্ষা করতে প্রথমেই সত্য-মিথ্যা যাচাইয়ের অভ্যাস গড়ে তুলতে হবে। কারও বিরুদ্ধে অভিযোগ শুনে তাৎক্ষণিক মন্তব্য করা কিংবা অন্যদের কাছে প্রচার করা থেকে বিরত থাকা প্রয়োজন। একইভাবে ব্যক্তিগত বিরোধের কারণে কাউকে অপমান বা হেয় করার উদ্দেশ্যে তথ্য ছড়ানোও অনুচিত।

ভুল তথ্য প্রচার হয়ে গেলে তা সংশোধন করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করা উচিত ।ইসলামের শিক্ষা অনুযায়ী, একজন মুমিনের কথাবার্তা ও আচরণে সত্যবাদিতা, সতর্কতা এবং অন্যের প্রতি সম্মান বজায় থাকা জরুরি।

মনে রাখতে হবে, একটি মিথ্যা সংবাদ বা ভিত্তিহীন অভিযোগ একজন মানুষের সম্মান ও জীবনে দীর্ঘস্থায়ী ক্ষতি করতে পারে। তাই কোনো কথা বলার কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা প্রত্যেকের দায়িত্ব।